শিবগঞ্জে হিমায়িত আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদি দোকানি আশেকুল ইসলাম (৪০) তাঁর অন্য ব্যবসা গুটিয়ে বেশি লাভের আশায় এক লাখ ২০ হাজার টাকা আলুর ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। কিন্তু বর্তমানে যে বাজারদর, তাতে তাঁর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। লাভ তো দূরের কথা, আসলও তাঁর ঘরে ফিরবে কি না, তা নিয়ে উৎকণ্ঠায় আছেন তিনি।হরিপুর গ্রামের কৃষক নিজাম উদ্দিন (৩৫) তাঁর দুই বিঘা জমিতে আবাদ করা এবং একটি এনজিও থেকে আরও ২০ হাজার টাকা ঋণ নিয়ে তা দিয়ে কেনা আলুর সবটুকু হিমাগারে রেখেছিলেন। এখন সেগুলো বিক্রি করতে গিয়ে তাঁর ‘আক্কেল গুড়ুম’। দাম কমে যাওয়ায় তিনি দিশেহারা।শুধু আশেকুল ইসলাম বা নিজাম উদ্দিনই নন, শিবগঞ্জের অনেক চাষি ও ব্যবসায়ী এবার হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন। ৮৫ কেজি ওজনের প্রতি বস্তা গ্রানুলা জাতের আলু বর্তমানে ৪৬০ থেকে ৪৮০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। এতে লাভ তো দূরের কথা, বস্তাপ্রতি ৬৯০ থেকে ৭১০ টাকা করে লোকসান গুনতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, আলু চাষের জন্য শিবগঞ্জ প্রসিদ্ধ হওয়ায় এখানে ১২টি হিমাগার গড়ে উঠেছে। এসব হিমাগারের ধারণক্ষমতা মোট ৯০ হাজার মেট্রিক টন। হিমাগারগুলোতে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা এবার প্রায় ১০ লাখ ৫৮ হাজার ৪০০ বস্তা আলু রেখেছেন। গত দুই বছর ভালো দাম পাওয়ায় এ বছর বেশি লাভের আশায় তাঁরা আলুতেই সবচেয়ে বেশি বিনিয়োগ করে হিমাগারগুলোতে মজুদ করেন।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হিমাগারে রাখতে প্রতি বস্তা আলুতে খরচ পড়েছে এক হাজার ১৫০ থেকে এক হাজার ২১০ টাকা। চটের বস্তা, পরিবহন খরচ, শ্রমিকের কমিশন ও হিমাগারের ভাড়া যোগ করেই ব্যবসায়ীরা এই দাম নির্ধারণ করেছেন। অথচ সেই আলু এখন হিমাগার থেকে তুলে বিক্রি করতে হচ্ছে মাত্র ৪৬০ থেকে ৪৮০ টাকায়।দাম কমে যাওয়ার কারণ হিসেবে জানা যায়, এবারের বর্ষায় বন্যা কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় মাঠে বিভিন্ন ধরনের সবজির ব্যাপক ফলন হয়েছে। এতে আলুর চাহিদা কমে গেছে। এ ছাড়া চাষিরা এবার ঘরেই অনেক আলু সংরক্ষণ করেছেন। তাই হিমাগারগুলোতে রাখা আলুর তেমন চাহিদা না থাকায় এমন দরপতনের ঘটনা ঘটেছে।শালুকগাড়ীর ছাতুয়া গ্রামের চাষি আজমল হোসেন (৫০) বলেন, ‘জমিত থ্যাক্যা আলু তুলাই বেচলে ভালো হলোহিনী। বেশি লাভ করব্যার য্যায়্যা শিক্ষা পানো। আর কুনো দিনও এই ব্যবসাত আসমো না।’এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আলুর দরপতনে সবচেয়ে বেশি উৎকণ্ঠায় আছেন হিমাগারের মালিকেরা। কয়েক বছর আগেও এ রকম দরপতনের ঘটনায় হিমাগারের ভাড়ার টাকা পরিশোধ করতে হবে বলে অনেকে আলুই তোলেননি। পরে হিমাগারের মালিকেরা ভাড়ার টাকা তোলা তো দূরের কথা, উপরন্তু নিজেদের পকেট থেকে টাকা খরচ করে শ্রমিক লাগিয়ে হিমাগার পরিষ্কার করতে হয়েছে তাঁদের। তাই এ বছরও সেই অবস্থা হতে পারে বলে তাঁরা শঙ্কিত। শিবগঞ্জ হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, বাজারে তুলনামূলক কম দামে অন্য শাক-সবজি পাওয়া যাওয়ায় আলুর চাহিদা কম। তবে দেশীয় পাকড়ি ও ডায়মন্ড জাতের আলুতে লোকসান হলেও গ্রানুলা জাতের মতো এত দরপতন হয়নি।এ ব্যাপারে কৃষিবিদ হাবিবুল হক বলেন, এ সময় বন্যার কারণে অন্যান্য ফসল মার খায়। এতে হিমাগারে সংরক্ষণ করে রাখা আলুর ওপর চাপ পড়ে। কিন্তু এ বছর বন্যা না হওয়ায় বাজারে অনেক শাক-সবজি আসছে। যে কারণে আলুর দাম পড়ে যাচ্ছে। আর দাম না পেলে সামনের মৌসুমে আলু চাষে চাষিরা উৎসাহ হারাবেন।