শিবগঞ্জে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠাগার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি পাঠাগারকে স্কুল-কলেজের ওপরে স্থান দিই এই কারণে যে, এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়; প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।’ কথাগুলো বলেছেন প্রমথ চৌধূরী তাঁর ‘বই পড়া’ প্রবন্ধে। কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠাগার নেই। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাঠ্যবইয়ের বাইরে বিজ্ঞান ও সাধারণ জ্ঞানবিষয়ক শিক্ষালাভ করতে পারছে না। একই কারণে শিক্ষকদের পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় আছে। এর মধ্যে শুধু কিচক, রহবল, পানিকান্দা, মোকামতলা, ভরিয়া ও বিহার উচ্চবিদ্যালয়ে ব্র্যাকের সহায়তায় সমপ্রতি পাঠাগার চালু হয়েছে। তবে খুব ছোট পরিসরে।খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার বিদ্যালয়গুলোতে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই পাঠাগার স্থাপনের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীন থাকে। বেশ কয়েকটি বিদ্যালয়ে পাঠাগারের নামে যা আছে, সেটা এক ধরনের নকল পাঠাগার। এ পাঠাগারের চেহারা অতি দীনহীন। এর আলমারির সংখ্যা দু-একটি। অথবা কোথাও আলমারিও নেই। আছে বুক শেলফ। সেই আলমারিতে বা শেলফে কিছু বই সাজানো-গোছানো থাকে। ঠাওর করলেই দেখা যাবে, ওগুলো আসলে বই নয় ‘পুস্তক’। ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ-রচনার পুস্তক। এসবের কিছুই বিদ্যালয়ের টাকায় কেনা নয়, পুস্তক ব্যবসায়ীদের প্রদত্ত নমুনা-কপি। আর এ পাঠাগারের ঠাঁই হয়েছে প্রধান শিক্ষক বা শিক্ষকদের কক্ষে। শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজিজার রহমান বলেন, তাঁর বিদ্যালয়ের অফিস কক্ষের একটি আলমারিতে কিছু বই সংরক্ষিত আছে। কিন্তু গ্রন্থাগারিক না থাকায় এবং কক্ষ সংকটের কারণে পাঠাগার চালু করা যাচ্ছে না। তবে কিছুদিন আগে ব্র্যাক থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, পাঠাগার গড়ার জন্য। কিন্তু এর জন্য যে টাকার প্রয়োজন, তা দেওয়ার সক্ষমতা ছিল না বিদ্যালয়ের। চেষ্টা চলছে দ্রুত একটা পাঠাগার স্থাপনের।শব্দলদীঘি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুর রহমান বলেন, শিক্ষকদের জন্যই পাঠাগার সবচেয়ে বেশি প্রয়োজন। শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম জানান, ভালো উত্তর তৈরি করতে একাধিক সহায়ক বই দরকার। বিদ্যালয়ে পাঠাগার না থাকায় সে সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে।অভিভাবক তমিজউদ্দিন বলেন, পাঠাগারের অভাবে এ উপজেলার ছেলেমেয়েরা শিক্ষার ভিত্তি গঠনে পিছিয়ে পড়ছে। ফলে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তারা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না।শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তৌহিদুর রহমান বলেন, এখনকার শিক্ষকেরা পরীক্ষায় পাসের জন্য যতটুকু আবশ্যক ততটুকু বিদ্যা গেলাতে রাজি, এর বাইরে যেতে এঁদের নিদারুণ অনীহা ও অসম্মতি। শিক্ষকদের পাশাপাশি এখনকার অভিভাবকেরাও মনে করেন, বিদ্যালয়ের নির্ধারিত পাঠ্যপুস্তকই তাদের মানুষ হওয়ার পক্ষে যথেষ্ট। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, বিভিন্ন সমস্যার কারণে এ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠাগার গড়ে ওঠেনি। তবে তিনি বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য চেষ্টা করবেন বলে জানান।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, এ উপজেলার ছাত্রছাত্রীরা নিরস ও নিরানন্দ শিক্ষার কবলে পড়ে হিমশিম খাচ্ছে। অন্যদিকে সাহিত্যসমৃদ্ধ বই পড়ার সুযোগ পাচ্ছে না। এজন্য তিনি চেষ্টা করবেন প্রতিটি বিদ্যালয়সহ বিভিন্ন ক্লাবে পাঠাগার স্থাপন করার।এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান বলেন, আগামী প্রজন্মের জন্য পাঠাগার এক বিশাল ভূমিকা পালন করবে। তাই তিনি চেষ্টা করবেন যেন বিদ্যালয়গুলোতে ভালোমানের পাঠাগার স্থাপন করা যায়।