শিবগঞ্জের গাংনাই নদীতে সেতু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরিপুর গ্রামের শতবর্ষী রবিয়া প্রামাণিকের ঘরে একমুঠো চাল নেই। তাই বয়স্কভাতার কার্ড নিয়ে রওনা দেন উপজেলা সদরে। ৭৫০ টাকা তুলে চাল কিনে তাঁর ঘরে ফেরার কথা। স্ত্রী দুপুরের খাবারের বন্দোবস্ত করছেন। স্বামী চাল নিয়ে ফিরলে ভাত রাঁধবেন। একসময় স্বামী আসেন। তবে চাল নিয়ে নয়, লাশ হয়ে। কারণ ব্যাংকের অদূরে বাঁশের সাঁকোটি পার হতে গিয়ে পড়ে যান নিচে। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটে গত বছরের ১৮ ফেব্রুয়ারি। আর গত সাড়ে তিন বছরে ওই সাঁকো পারাপারের সময় প্রায় ৮০ জন হন আহত। সেতুর অভাবে উপজেলা সদরের সঙ্গে ছয়টি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের সহজ যোগাযোগব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়। অবশেষে প্রতীক্ষার পর বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের গাংনাই নদীর ওপর বেইলি সেতু স্থাপনের কাজ শুরু হয়েছে। এটি স্থাপন করতে ৪২ লাখ টাকা টাকা লাগছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ২৪ জানুয়ারি স্থাপনকাজের উদ্বোধন করা হয়েছে। জানা যায়, গাংনাই নদীর ওপর পাকা সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা ভেঙে ২০০৬ সালের ১০ অক্টোবর ৪২ দশমিক ৬৮ দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। নির্মাণের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান এম এ ইঞ্জিনিয়ারিং। নতুন সেতু নির্মাণের কাজ শুরুর পর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান লোকসান হওয়ার অজুহাত দেখিয়ে একদিন রাতের আঁধারে পালিয়ে যায়।এ ব্যাপারে গত ৮ নভেম্বর ‘আলোকিত উত্তর’ পাতায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা সংশ্লিষ্ট বিভাগে তোলপাড় তোলে। পরে জনগণের ভোগান্তি দূর করতে জরুরিভাবে বগুড়া-জয়পুরহাট সড়কে থাকা (সেখানে নতুন সেতু হয়েছে) বেইলি সেতুটি খুলে নিয়ে এসে এখানে স্থাপনের সিদ্ধান্ত হয়। বেইলি সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তৈয়ব এন্টারপ্রাইজ সূত্রে জানা গেছে, তিন মাস সময়ের আগেই সব কাজ শেষ করা হবে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, গাংনাই নদী পরাপারের জন্য সেতু না থাকায় মানুষের ভোগান্তি চরমে উঠেছিল। বেইলি সেতু স্থাপনের ফলে শহর আবার আগের মতো সরগরম হয়ে উঠবে।