চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিদ্যুৎ উপকেন্দ্রে জামায়াত-শিবিরের হামলার পর আট দিন ধরে উপজেলার ১৫টি ইউনিয়নে বিদ্যুৎ সরবারহ বন্ধ আছে। এতে বিদ্যুতের অভাবে খেতে সেচ দিতে না পেরে চরম বিপাকে আছেন বোরো চাষিরা। গতকাল শুক্রবার বিদ্যুৎ-সচিবসহ কর্মকর্তারা উপকেন্দ্রটি পরিদর্শন করলেও কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে, তা জানাতে পারেননি তাঁরা।বেলা ১১টার দিকে বিদ্যুৎ-সচিব মনোয়ার ইসলাম ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন কানসাটে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে যান। এ সময় সঙ্গে ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক শহীদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার বশির আহমেঞ্চদ, পল্লী বিদ্যুতের জিএম হাসান শাহ নেওয়াজসহ অন্যরা। তাঁরা আগুনে পুড়ে যাওয়া প্রশাসনিক ভবন, সাব-স্টেশন, আবাসিক বাসভবন, স্টোররুম, গেস্ট হাউসসহ পল্লী বিদ্যুৎ সমিতির পুরো অংশ ঘুরে দেখেন।পুড়ে যাওয়া বিদ্যুৎ উপকেন্দ্র কবে নাগাদ চালু করে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে, জানতে চাইলে বিদ্যুৎ-সচিব তা এড়িয়ে যান। তিনি বলেন, বিদ্যুৎ উপকেন্দ্র মেরামতের কাজ এখনো শুরু হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এগুলো এসে যাবে।গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিন পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির। এতে সমিতির প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়। এর পর থেকে বিদ্যুৎহীন রয়েছেন ১৫টি ইউনিয়নের ৩৫ হাজারের বেশি গ্রাহক।টানা আট দিন বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বিপদে পড়েছেন বোরো চাষিরা। শ্যালো ইঞ্জিন দিয়ে পানি তুলে তাঁরা খেতের বোরো ধান বাঁচানো চেষ্টা করছেন। এতে আবাদ খরচ অনেক বেড়ে যাবে বলে তাঁরা আশঙ্কা করছেন।এদিকে, পল্লী বিদ্যুৎ সমিতিতে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার দাসের নেতৃত্বে তদন্ত দল গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ শনিবার সকাল ১০টায় তদন্ত দল সমিতির কার্যালয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবে। প্রত্যক্ষদর্শীদের উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।