শিবগঞ্জের দাওয়াতি অনুষ্ঠানে গরু জবাই কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর এলাকার ব্যবসায়ী তফিকুল ইসলামের মেয়ের বিয়ে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন ১৭ সেপ্টেম্বর। রীতি অনুযায়ী তিনি মেহমানদের অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত দিতে যান। কিন্তু দাওয়াত দিতে গিয়ে তাঁদের মাংস হিসেবে কী খাওয়ানো হবে, এমন বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বারবার। শেষ পর্যন্ত আগে একটি গরু জবাই করার চিন্তা থাকলেও পরে তা না করে ছয়টি খাসি জবাই করে অনুষ্ঠান পাড়ি দিতে হয়েছে তাঁকে।বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বর্তমানে বিয়ে-আকিকাসহ সামাজিক অনুষ্ঠানগুলোতে অ্যানথ্রাক্স-আতঙ্কের প্রভাব পড়েছে। প্রায় অনুষ্ঠানেই গরুর বদলে খাসি-মুরগি জবাই করে মেহমানদারি সারতে হচ্ছে। পাশাপাশি হাটবাজারেও আশঙ্কাজনকহারে গরুর মাংস বিক্রি কমে গেছে। ফলে গরু ব্যবসায়ী ও মাংস বিক্রেতারা চরম বিপাকে পড়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ দিনে এ উপজেলায় দুই শতাধিক বিয়ে ও আকিকাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়েছে। ওই সব অনুষ্ঠানের আয়োজকেরা মেহমানদের দাওয়াত দিতে গিয়ে বিপাকে পড়েছেন। তাঁদের অনেকেই গরুর মাংস না খাওয়ার বিষয়টি আগেই জানালে খাসি-মুরগি দিয়েই অনুষ্ঠান পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকেরা। বর্তমানে এ উপজেলার হাটবাজারে দেশি মুরগি প্রতিটিতে ১৫ দিনের ব্যবধানে ৪০ টাকার ওপরে বেড়ে গেছে। ব্রয়লার মুরগির কেজি ১৩০ থেকে ১৬০ টাকায় উঠেছে। আর খাসির মাংস প্রতি কেজি ৩৫০ থেকে ৩৭০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু দাওয়াতি অনুষ্ঠানই নয়, ব্যক্তিপর্যায়েও গরুর মাংস খাওয়া একেবারেই কমে গেছে। বিষয়টি টের পাওয়া যায় যেকোনো হাটবাজারে গেলে। আগে যেখানে হাটে পাঁচটি গরু জবাই হতো, এখন সেখানে একটি গরু জবাই হলেও মাংস ঠিকমতো বিক্রি হচ্ছে না। গরু জবাই করে মাংসের ওপর ওই গরু যে অ্য্যানথ্রাক্স-আক্রান্ত নয়, কর্তৃপক্ষের এমন অনুমতিপত্র সাঁটানো হলেও মানুষের মধ্য থেকে আতঙ্ক দূর হচ্ছে না। উপজেলার মাঝিহট্ট গ্রামের আমিনুল ইসলাম জানান, অ্যানথ্রাক্স-আতঙ্কের কারণে মেহমানরা গরুর মাংস খেতে অনীহা প্রকাশ করছেন। তাই অন্য মাংস কিনে অনুষ্ঠান পাড়ি দিতে হচ্ছে। এতে আয়োজকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন আর্থিকভাবে।কালীতলা বাজারের মাংস বিক্রেতা মজিবর রহমান বলেন, ‘এনথারাস আতঙ্কির কারণে হামরা মর‌্যা গেনু। ইঙ্কা অবস্থা চলতে থাকলে হামাকেরে বাঁচোন নাই, অন্য কাম কর‌্যা লাগবি।’উপজেলা সদরের মুরগি ব্যবসায়ী সাইদুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসায় জড়িত। এভাবে বিক্রি এর আগে কখনো বেড়ে যায়নি।উপজেলা ভেটেরিনারি সার্জন প্রধান ইউছুফ আবদুল্লাহ হারুন জানান, ভয়ের কোনো কারণ নেই। এ উপজেলায় অ্যানথ্রাক্স রোগের কোনো লক্ষণ পাওয়া যায়নি। বিনা সংকোচে গরুর মাংস খাওয়া যেতে পারে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সামাদ বলেন, ‘মানুষের মধ্যে রোগ নিয়ে আতঙ্ক রয়েছে এটা ঠিক, তবে এখন পর্যন্ত এ উপজেলায় রোগ দেখা দেয়নি। আমরা হাটবাজারে জবাইয়ের আগে গরুর পরীক্ষা করে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার পরই ব্যবসায়ীরা মাংস বিক্রি করছেন। মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’