শিবগঞ্জের পর বগুড়া, সিলেটেও সহিংসতার বিরুদ্ধে নেমেছে মানুষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও কানসাটের পর বগুড়ার শেরপুর ও ধুনট এবং সিলেটে সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা রক্ষার উদ্যোগ নিয়েছে স্থানীয় মানুষ। সভা করে সচেতনতা তৈরি, রাত জেগে পাহারার মতো উদ্যোগে এলাকায় স্বস্তি এসেছে। চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোঘরিয়া ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের বহরম উপকেন্দ্রে হামলা হতে পারে বলে গুজব ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামগুলোর শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে এসে কেন্দ্রে পাহারা বসায়। খবর পেয়ে আসে পুলিশ ও র্যাব। শিবগঞ্জে ব্যবসায়ীদের সভায় সহিংস কর্মসূচি না দেওয়ার অঙ্গীকার করেন স্থানীয় রাজনীতিকেরা। শেরপুর (বগুড়া): রোববার রাত থেকে বগুড়ার শেরপুর পৌর শহরের সংখ্যালঘু-অধ্যুষিত এলাকাগুলোতে পাহারা দিচ্ছে এলাকাবাসী। তরুণদের পাশাপাশি বিভিন্ন পাড়ার বয়স্ক লোকজনও লাঠি হাতে পাহারা দিচ্ছেন। হিন্দু-অধ্যুষিত উত্তর সাহাপাড়া, দক্ষিণ সাহাপাড়া, সান্যালপাড়া, কর্মকারপাড়া, রামচন্দ্রপুরপাড়া, লক্ষ্মীতলা, জগন্নাথপাড়া, দত্তপাড়া ও পালপাড়ায় তরুণেরা দুই থেকে তিন ভাগে বিভক্ত হয়ে এই পাহারা বসিয়েছে।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পাহারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ বাগচী।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সহিংসতা মোকাবিলায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি তরুণদের এমন উদ্যোগ পুলিশের জন্য সহায়ক হয়েছে।ধুনট (বগুড়া): ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে গত সোমবার বিকেলে উপজেলার কাঁচাবাজারে সমাবেশ হয়েছে। ঐক্য পরিষদের সভাপতি ও ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দীন হারুন, সিপিবির নেতা শাহা সন্তোস, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লাল মিয়া প্রমুখ।বক্তারা সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আশ্বাস দেন। সমাবেশে সিদ্ধান্ত হয়, প্রতি রাতে ৪০ জন করে ব্যবসায়ী ধুনট বাজারে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেবেন। প্রত্যেক ব্যবসায়ীকে দুটি করে বাঁশের লাঠি ও একটি করে বাঁশি রাখতে বলা হয়েছে, যাতে কেউ হামলার চেষ্টা করলে তাঁরা প্রতিরোধ করতে পারেন।পৌর মেয়র এ জি এম বাদশা বলেন, রাত জেগে পাহারার এই উদ্যোগে জামায়াত-শিবির ছাড়া আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলের নেতা-কর্মীরা সমর্থন দিয়েছেন। ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএনও ফিরোজ শাহা ও ওসি আবুল কালাম আজাদ। সিলেট: মণিপুরি ও হিন্দু-অধ্যুষিত সিলেট নগরের শিবগঞ্জের পাঁচটি মহল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পাহারার ব্যবস্থা করেছে এলাকাবাসী। ওই সব মহল্লায় বসবাসরত মুসলমান, হিন্দু, মণিপুরি ও নেপালি সম্প্রদায়ের প্রতিনিধি, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গত সোমবার রাতে সভা করে পাহারা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।এলাকাবাসী বলেন, শিবগঞ্জ সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের অধীন একটি বড় এলাকা। শিবগঞ্জের লাকড়িপাড়া, সেনপাড়া, দেবপাড়া, খরাদিপাড়া, মণিপুরিপাড়ায় মুসলমান, হিন্দু, মণিপুরি ও নেপালি সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার প্রেক্ষাপটে কোনো চক্র যাতে তাদের সম্প্রীতিতে চিড় ধরাতে না পারে, এ জন্য গত সোমবার সন্ধ্যায় শিবগঞ্জের খরাদিপাড়া নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভার আয়োজন করা হয়।এলাকার প্রবীণ আশুতোষ দেবের সভাপতিত্বে সভায় রাজনীতিবিদ আবদুল্লাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান, শিবগঞ্জ পঞ্চায়েত কমিটির নোমান সিদ্দিকী, আবদুর রব, মো. সুলতান, মোস্তাক আহমদ, সুদীপ রঞ্জন সেন, সোহেল আহমদ, সুরজিৎ সিংহ ও মুক্তিযোদ্ধা প্রদীপ সিংহ বক্তব্য দেন। সভায় সর্বসম্মতিক্রমে পাহারার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। এলাকায় রাজনৈতিক কোনো কর্মসূচি চললেও যাতে সহিংস ঘটনা না ঘটে এবং বহিরাগত সন্ত্রাসীরা এলাকাবাসীর জানমালের যাতে ক্ষতি করতে না পারে, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়। কাউন্সিলর আজাদুর রহমান বলেন, সিদ্ধান্ত অনুযায়ী পাহারা কার্যক্রম তদারকি করবে শিবগঞ্জ পঞ্চায়েত কমিটি।শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): গত সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোঘরিয়া ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের বহরম উপকেন্দ্রে হামলা হতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বহরম এলাকার আশপাশের গ্রামগুলোর শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে বিদ্যুৎকেন্দ্র পাহারায় ছুটে আসে। খবর পেয়ে আসে র্যাব-পুলিশও।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা বলেন, শিবগঞ্জের মতো হামলা হতে পারে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সম্ভাব্য হামলা প্রতিরোধে বহরম এলাকাবাসীও উপকেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। তবে শেষ পর্যন্ত কিছু হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি কানসাটে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র পুড়িয়ে দেয় জামায়াত-শিবির। তারা শিবগঞ্জে অবস্থিত জেলা পল্লী বিদ্যুতের সদর দপ্তরে হামলা চালায়, আবাসিক এলাকায় ঢুকে ৪৮টি পরিবারকে ভেতরে রেখে ভবনে আগুন ধরিয়ে দেয়। গতকাল গিয়ে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা গাছতলায় বসে আছেন। একমাত্র টিউবওয়েলটিরও মাথা খুলে নিয়ে গেছে হামলাকারীরা। গতকাল টিউবওয়েল লাগানো হচ্ছিল। সর্বস্ব লুটে নেওয়ায় বৃহস্পতিবার থেকে এককাপড়ে আছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের পরিবারগুলো আশপাশের বিভিন্ন গ্রাহকের বাড়িতে আশ্রিত হিসেবে আছে।নেতাদের ডেকে এনে ব্যবসায়ীদের সভা: গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজারের তিনটি দোকানে লুট করে জামায়াত-শিবির। এরপর লুটপাটের আতঙ্কে মালামাল সরিয়ে নিয়ে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। গতকাল ব্যবসায়ীরা সভা করে হরতালের মধ্যেই দোকানপাট খোলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দোকান চালু করতে পারেন, সে জন্য অন্য ব্যবসায়ীরা তাঁদের সহায়তার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে পরবর্তী সময়ে এ ধরনের পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবিলার অঙ্গীকার করেন তাঁরা। উপজেলার রানীহাটিতে ব্যবসায়ীদের সভায় এলাকায় সহিংস রাজনৈতিক কর্মসূচি আর পালিত হবে না বলে অঙ্গীকার করেন স্থানীয় রাজনীতিকেরা।অরাজক পরিস্থিতিতে গত শনিবার কানসাট এলাকাবাসী প্রথমে সভা করে সহিংসতা বন্ধের উদ্যোগ নেয়। এর পরই আশপাশের আরও কয়েকটি ইউনিয়ন ও গ্রামের লোকজন সহিংসতা বন্ধের উদ্যোগ নেয়। এসবের পরে গত রোববার শিবগঞ্জ বণিক সমিতিও সভা করে সম্মিলিতভাবে অরাজকতা প্রতিরোধের ঘোষণা দেয়।সোমবার সন্ধ্যায় ধোবড়া বাজারের ব্যবসায়ীরা স্থানীয় লাল মোহাম্মদের রেস্তোরাঁয় সভা করেন। পাদুকা ব্যবসায়ী সোহেল রানা সভায় সভাপতিত্ব করেন। তিনি প্রথম আলোকে বলেন, ধোবড়া বাজারে মোট ১০৫টি দোকান রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে বাজার একেবারেই বন্ধ ছিল। এখন ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন, ক্ষতিগ্রস্ত তিনটি দোকান যেন চালু করতে পারেন, এ জন্য সবাই সম্মিলিতভাবে সহায়তা করবেন। ব্যবসায়ীরা হরতালে দোকানও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন।সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের পার্শ্ববর্তী রানীহাটির ব্যবসায়ীরাও সভা করে লুটপাট ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের অঙ্গীকার করেছেন। স্থানীয় ঈদগাহ মাঠে রানীহাটির ব্যবসায়ী তসলিমউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ওই সভা হয়। তসলিমউদ্দীন প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের আহ্বানে সব দলের নেতারা সভায় আসেন। তাঁদের মধ্যে ছিলেন নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক গোলাম নবী, জামায়াতের ইউনিয়ন আমির আবদুর রহিমসহ অন্যরা। নেতারা ব্যবসায়ীদের কাছে অঙ্গীকার করেছেন, তাঁরা এলাকায় সংঘাতপূর্ণ কোনো কর্মসূচিই পালন করবেন না এবং দোকানপাট খোলা রাখতে সহায়তা করবেন। এরপর গতকাল হরতালের মধ্যেও রানীহাটির কিছু দোকান খোলা ছিল।(প্রতিবেদনটি তৈরি করেছেন গোলাম মর্তুজা, আনোয়ার হোসেন, উজ্জ্বল মেহেদী, সুমনকুমার দাশ, সবুজ চৌধুরী ও মাসুদ রানা)