শিবগঞ্জের সড়ক ও মহাসড়কগুলো যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার রহবল বাজারে গত বছর ৩১ মার্চ রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-২০৩৪) একটি বাইসাইকেলের আরোহীকে বাঁচাতে সজোরে ব্রেক করলে বাসটি উল্টে যায়। এতে চার পথচারী আবদুস ছাত্তার (৬২), রায়হান আলম (১২), আকবর আলী (৩০) ও ফজলু মিয়া (৩৫) নিহত হন। আহত হন বাসযাত্রীসহ ২৪ জন।গত ২৬ জুলাই সকালের দিকে রংপুর থেকে বগুড়াগামী একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-ক-০৩-৫৪৪২) দ্রুত আসছিল। প্রাইভেটকারটি রহবল বাজারে পৌঁছালে রংপুরগামী চিশতিয়া এন্টারপ্রাইজের বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৮৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রথম আলোর রংপুরের সাবেক আলোকচিত্রী ও বেসরকারি টেলিভিশন এনটিভির রংপুর প্রতিনিধি লিটু আনামসহ তিনজন নিহত এবং পুলিশের দারোগা রায়হান ইসলামসহ দুজন আহত হন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি।বগুড়া-জয়পুরহাট সড়কের উপজেলার হরিপুরে ১৪ সেপ্টেম্বর বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন দুজন। জয়পুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-০২৯৩) জয়পুরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আশিষ কুমার সরকার, যাত্রী হারুন-উর-রশীদ (২৫) ও মুছা মিয়া (২৭) মারা যান।শুধু এ তিনটি দুর্ঘটনা নয়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সড়ক ও মহাসড়কগুলো যেন মরণফাঁদে পরিণত হয়েছে। হরহামেশা ঘটছে দুর্ঘটনা। তাই যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের চলাচল করতে হচ্ছে। সড়কে কারও নিরাপত্তা নেই। নেই বাড়ি থেকে বেরোনোর পরে জীবিত বা অক্ষত অবস্থায় ফিরে আসার নিশ্চয়তা। প্রায় সময়েই সড়ক দুর্ঘটনায় প্রণহানির ঘটনা ঘটছে। চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে অনেকেই। থানা, হাসপাতাল, ক্লিনিকসহ বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর এ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬৪ জন মানুষ নিহত ও ৩১২ জন আহত হয়েছেন।উপজেলার ছয়টি জায়গায় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। জায়গাগুলো হলো, উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মহাস্থান সেতু এলাকা, মহাস্থান বাজার, চকিরঘাট, মোকামতলা চৌরাস্তা, জয়পুরহাট সড়কের মোড় ও রহবল এলাকা। জয়পুরহাট-বগুড়া সড়কের আমতলী, কিচক, বলরামপুর এলাকা। মহাস্থান-পিরব সড়কের মহাস্থান জাদুঘর সেতু, লোহার সাঁকো এবং নামুজা-ত্রিমোহনী সড়কের বুড়িগঞ্জহাট এলাকা।খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলার ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার বাস, ট্রাক, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন উত্তরাঞ্চলের আট জেলায় চলাচল করে। সড়ক ও মহাসড়কগুলোতে ‘টেক্কা দিয়ে কার আগে কে যাবে’ এই প্রতিযোগিতা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনই হলো সড়ক দুর্ঘটনার প্রধান দুটি কারণ। এ ছাড়া সড়ক দুর্ঘটনার পেছনে আরও কিছু কারণ রয়েছে। তা হলো অদক্ষ চালক দিয়ে ফিটনেসবিহীন যানবাহন চালানো, ত্রুটিযুক্ত যানবাহন, সড়ক-মহাসড়কে ইচ্ছেমতো যানবাহন দাঁড় করিয়ে রাখা, সড়ক পারাপার হতে মানুষের উদাসিনতাভাব, সড়কের পাশে হাটবাজার-দোকানপাট বসা ও গবাদিপশুর অবাধ বিচরণ। এ ছাড়া বর্তমানে সিএনজিচালিত অটোরিকশাগুলো যেনতেনভাবে চালানো শিখেই সড়কে বের করছে। ফলে ওইসব চালক সড়ক দুর্ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলে গতিসীমার আইন থাকলেও তা চালকেরা অনুসরণ করে না।জানা গেছে, সড়ক দুর্ঘটনার ব্যাপারে মামলা হলেও তা টেকে না। সাক্ষীর অভাব হয়। যাত্রীদের সাক্ষী দেওয়ার ব্যাপারে অনীহা, বিবাদী পক্ষের টাকার দাপটসহ দীর্ঘসূত্রতার কারণে অধিকাংশ মামলা খারিজ হয়ে যায়। মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় অভিযুক্ত চালকেরা জামিন পেয়ে যায়। সেই সঙ্গে যেসব যানবাহন দুর্ঘটনা ঘটায় সেগুলো পুলিশ দীর্ঘদিন আটকে রাখতে পারে না। আদালতের নির্দেশে তা ছেড়ে দিতে হয়। এসব কারণে চালকেরা দুর্ঘটনা ঘটালেও কোনো কিছু হয়নি মনে করে আবার বেপরোয়াভাবে যানবাহন চালনা শুরু করে।উপজেলার বিলহামলা গ্রামের ব্যবসায়ী আবু হানিফ (৪০) বলেন, গত ১৩ ডিসেম্বর বুড়িগঞ্জ বাজারের দেলোয়ার হোসেনের মুদি দোকানে এলাকার লোকজন টেলিভিশন দেখছিল। এ সময় ওই স্থানে এসে বগুড়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাজুল ইসলাম (২৫), ডালিম হোসেন (১৫) ও শরিফুল ইসলাম (১২) মারা যায়। চালকের অদক্ষতার কারণেই এ ঘটনাটি ঘটেছে।উপজেলার গুজিয়া গ্রামের ব্যবসায়ী আকবর আলী (৪৫) জানান, ‘আমাকে সপ্তাহে তিন দিন বগুড়া শহরে যেতে হয়। এ জন্য যানবাহনে উঠলে উদ্বিগ্ন থাকি। দোয়া-দরুদ পড়ি, যেন ভালোয় ভালোয় বাড়ি ফিরে আসতে পারি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, মহাসড়কে নিরাপত্তার জন্য আইন আছে। কিন্তু এ আইনের কেউ তোয়াক্কা করে না। ফলে দুর্ঘটনা ঘটছে। মানুষ যদি ট্রাফিক আইন মেনে চলে তবে দুর্ঘটনা অনেকটা এড়ানো সম্ভব। এ জন্য ট্রাফিক আইন পাঠ্যসূচিতে দিলে ভালো হবে।