চলতি বোরো মৌসুমের শুরুতেই বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষি উপকরণ-সহায়তা পরিচয়পত্র পাচ্ছেন কৃষকেরা। পরিচয়পত্র ইতিমধ্যে পৌঁছে গেছে উপজেলা কৃষি অফিসে। বোরো মৌসুমে ভূমিহীন, ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি ও অবস্থাপন্ন—এ পাঁচ শ্রেণীর কৃষকের এ বছর ডিজেলে ভর্তুকিসহ মানসম্মত বীজ, সার, বিদ্যুত্ ও কীটনাশক প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলার ৮৫ হাজার ২৬২ জন কৃষককে পরিচয়পত্র দেওয়া হবে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কৃষকদের সঠিক পরিসংখ্যান, প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত, কোন কৃষক কোন মৌসুমে কী ফসল আবাদ করছেন তার সঠিক বিবরণসহ কৃষিক্ষেত্রে সুস্পষ্ট ধারণা পেতেই সরকার চলতি বোরো মৌসুমেই কৃষকদের হাতে কৃষি উপকরণ-সহায়তা পরিচয়পত্র দেওয়ার পদক্ষেপ নিয়েছে।আগে কৃষক ও কৃষিজমির সঠিক পরিসংখ্যান কৃষি বিভাগে না থাকায় অনুমাননির্ভর হয়ে কৃষকদের মধ্যে মানসম্মত বীজ, সার ও ডিজেলের ভর্তুকি দিতে হতো। এতে সংশ্লিষ্টদের চরম বিপাকে পড়তে হয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য সরকারের নির্দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠপর্যায়ে প্রকৃত কৃষক পরিবারের সংখ্যা ও কৃষিজমির পরিমাণ নিরূপণের জন্য কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে জরিপ চালিয়েছে। অচিরেই এ পরিচয়পত্র কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলে সূত্রটি জানায়। চলতি বোরো মৌসুমে উপজেলার পৌর এলাকাসহ ১২টি ইউনিয়নে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ২০০ হেক্টর জমি। কৃষকেরা যেভাবে আবাদের দিকে ঝুঁকে পড়েছেন, এতে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।তেঘরী গ্রামের কৃষক ছামসুল ইসলাম (৩৫) জানান, সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। প্রকৃত কৃষকদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হলে তা কৃষিক্ষেত্রে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে।উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক বলেন, ইতিমধ্যে ৭০ হাজার ৫৫৭টি পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। উপজেলার কৃষকেরা উপকরণ-সহায়তা পরিচয়পত্রের মাধ্যমে ডিজেল ও বিদ্যুতে ভর্তুকিসহ বিভিন্ন সুবিধা পাবেন। এর ফলে কৃষকেরা কৃষিকাজে উত্সাহিত হওয়ার পাশাপাশি ফসল উত্পাদন অনেক বেড়ে যাবে।