শিবচরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২২টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লার বিরুদ্ধে পুলিশের কাছে লিখিতভাবে ২২টি অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া ওই চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ৩০ সেপ্টেম্বর চেয়ারম্যান জীবনের নিরাপত্তা চেয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।খোঁজ নিয়ে জানা যায়, দুই মাস আগে থেকে এ পর্যন্ত মাদারীপুর পুলিশ সুপারের কাছে মাদবরের চর ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, তাঁর তিন ছেলে বাবু মোল্লা, রিপন মোল্লা ও তপন মোল্লা এবং তাঁর সহযোগীদের নামে চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ধর্ষণসহ ২২টি অভিযোগ দায়ের করা হয়েছে।ওই অভিযোগের মধ্যে কুড়িগ্রামের সাত লাখ টাকার চাঁদাবাজি অভিযোগ ও মুন্সিগঞ্জ জেলার সাড়ে তিন লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ, মাদবরের চর ইউনিয়নের পোদ্দারচর গ্রামের মুক্তিযোদ্ধা ভবতোষ মণ্ডলের এক লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ, নোমকান্দির গণেশ মণ্ডলের ৫০ হাজার টাকার চাঁদাবাজির অভিযোগ, রাধা মণ্ডলের দুই লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ, বাখরকান্দি গ্রাম ও দক্ষিণ চরজানাজাত গ্রামের দুটি ধর্ষণের অভিযোগসহ ১০টি অভিযোগের তদন্ত হলে একটিরও সত্যতা পায়নি শিবচর থানা পুলিশ ও জেলা ডিবি অফিস। এ ছাড়া এসব অভিযোগের বাদীরা অনেকেই থানায় গিয়ে তাঁরা এসব অভিযোগ করেননি বলে লিখিত দিয়েছেন।এ ব্যাপারে মাদবরের চর ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী ১ অক্টোবর তাঁর ইউনিয়ন পরিষদের ভবনে সাংবাদিক সম্মেলন করেন এবং এসব মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান।মাদবরের চর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের বড় ছেলে বাবু মোল্লা বলেন, ‘দুই মাস ধরে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেসব অভিযোগের মধ্যে অনেক বাদীরা থানায় গিয়ে এগুলো মিথ্যা বলে লিখিত দিয়েছে। এসব মিথ্যা অভিযোগের কারণে রাতে শান্তি মতো ঘরে ঘুমাতে পারছি না। যখন-তখন পুলিশ চলে আসে। আমাদের পরিবারের সম্মান ক্ষুণ্ন করতে এবং আগামী ইউপি নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল উঠে পরে লেগেছে। আমরা এগুলোর সঠিক বিচার চাই।’মাদবরের চর ইউনিয়নের নোমকান্দির গ্রামের গণেশ মণ্ডল, রাধা মণ্ডল ও মুক্তিযোদ্ধা ভবতোষ মণ্ডল চাঁদাবাজির অভিযোগ সর্ম্পকে জানান, এ ধরনের কোনো ঘটনা তাঁদের সঙ্গে ঘটেনি এবং তাঁরা কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি। এসব অভিযোগের জন্য চেয়ারম্যানের সঙ্গে তাঁরাও ভোগান্তির শিকার হচ্ছেন।মাদবরের চর ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা বলেন, ‘আমাকে সমাজে খাটো করার জন্য পূর্বশত্রুতার জের ধরে এবং আগামী নির্বাচনে যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারি, তার জন্য আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমাকে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাই জীবনের নিরাপত্তা চেয়ে শিবচর থানায় জিডি করেছি।’মাদারীপুর ডিবির উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন বলেন, ‘শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের চেয়ারম্যান আবদুুর রাজ্জাক মোল্লাসহ পরিবারের লোকদের নামে চাঁদাবাজি, ধর্ষণসহ কয়েকটি অভিযোগের তদন্ত করা হয়েছে। কিন্তু ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বাদীরা কেউ এর অভিযোগ করেনি বলে দাবি করেন।’শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মিয়া বলেন, ‘পুলিশ চেয়ারম্যানসহ পরিবারের লোকদের নামে চাঁদাবাজি, ছিনতাইসহ বেশ কয়েকটি অভিযোগের তদন্ত করেছে, কিন্তু ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে চেয়ারম্যান জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন।’