শিবচরে টেম্পো ও বাসের সংঘর্ষে পাঁচ ছাত্রী আহত
শিবচর-মাদারীপুর সড়কের মুন্সির মোড়ে আজ রোববার সকালে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পাঁচজন ছাত্রীসহ ছয়জন আহত হয়েছে। ছাত্রীরা শিবচর থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিল। আহত ছাত্রীরা হলো, সুজিয়া আক্তার (১২), লাভলী আক্তার (১২), সাজেদা আক্তার (১২), সীমা মণ্ডল (১২), লাইজু আক্তার (১১) ও চালক রাজন মোল্লা (২৮)। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাত্রীরা সবাই নিলখী ইউনিয়নের চরকামারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ছাত্রীরা জানায়, উপজেলা শহরের হাতির বাগান মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা গোল্ডকাপ মহিলা ফুটবল টুর্নামেন্টের খেলায় তারা অংশ নিতে যাচ্ছিল। একটি টেম্পোতে তারা সাতজন ছাত্রী উঠেছিল। আহত ছাত্রীদের দেখতে শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।