শিবচরে নৈশপ্রহরীকে হত্যা করে ৫ দোকানে লুট
মাদারীপুরের শিবচরে জয়নাল হাওলাদার নামের একজন নৈশপ্রহরীকে গতকাল মঙ্গলবার হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তারা পাঁচটি দোকান লুট করে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বন্দরখোলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ আজ বুধবার লাশটি উদ্ধার করেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে কোনো একসময় বন্দরখোলা বাজারে দুর্বৃত্তরা নৈশপ্রহরী জয়নাল হাওলাদারকে হত্যা করে। পরে তারা তালা ভেঙে ওই বাজারের নুরজামান ফরাজীর মুদি দোকান থেকে তিন বস্তা চাল ও নগদ টাকাসহ ১৮ হাজার টাকার মালামাল, জুয়েল সরদারের দোকান থেকে কম্পিউটার, সিদ্দিক মাদবরের দোকান থেকে নগদ ২২ হাজার টাকা ও দুই বস্তা চালসহ ৩০ হাজার টাকার মালামাল, ইউসুফ খানের মুদি দোকান থেকে মালামাল, জয়নাল হাওলাদারের দোকান থেকে ভ্যানসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।পুলিশ জানায়, লাশের গলায় লুঙ্গি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। নিহত জয়নাল ওই এলাকার ধলু হাওলাদারের ছেলে। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মিজান জানান, ডাকাতি করতে গিয়ে খুন নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তদন্তের পর বিষয়টি নিশ্চিত হবে।