শিবচরে বখাটের হামলায় ছাত্রী আহত, ২ জনের অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অমর একুশের প্রভাত ফেরি থেকে ফেরার পথে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বখাটের মোটরসাইকেলের চাপায় এক স্কুলছাত্রী আহত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ ঘটনায় মোটরসাইকেলের দুই যুবকের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। শিবচর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে উপজেলার পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি বের হয়। প্রভাত ফেরিটি বিদ্যালয়ে ফেরার পথে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলে দুই যুবক হ্যান্ডেল ছেড়ে হাততালি দিতে থাকে। একপর্যায়ে মোটরসাইকেলটি ছাত্রীদের ওপর উঠে যায়। এতে কয়েকজন ছাত্রী রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর পা কেটে যায়। পরে হাবিলদার আব্বাস মিয়া এসে জাকির হোসেন ও ফরিদ হোসেন নামেওই দুই বখাটেকে আটক করে। আহত ছাত্রীকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাকির উপজেলার পূর্ব সন্ন্যাসীরচর গ্রামের মোহাম্মদ খলিফার ছেলে এবং ফরিদ বাহেরচরের সোহরাব মিয়ার ছেলে।পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, আমরা প্রভাত ফেরি শেষ করে স্কুলে ফিরছিলাম। তখন বিপরীত দিক থেকে আসা দুই যুবক মোটরসাইকেল চাপা দিলে মেয়েরা পড়ে যায়। এতে একজনের পা কেটে যায়।অভিযুক্ত জাকির হোসেন বলেন, ‘আমি এভাবে হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভুল করেছি। আর কখনো এমন ভুল হবে না।’ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম বলেন, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বখাটে যুবকদের অপরাধের সত্যতা পাওয়া যায়। ওই যুবকেরা অপরাধ স্বীকার করে। তাই জাকির হোসেন ও ফরিদ হোসেনকে দণ্ডবিধি ৫০৯ ধারার বিধান মোতাবেক প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।