শিবচরে বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীরা ১২টি মোটরসাইকেল ভাঙচুর করেছেন বলেও জানা গেছে। আজ শনিবার দুপুরে বিএনপির পৃথক দুইটি মিছিলে এই ঘটনা ঘটে।জানা গেছে, আজ দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর নেতৃত্বে বিএনপি একটি মিছিল বের করে। মিছিলটি পাঁচ্চর স্ট্যান্ডে পৌঁছালে ছাত্রলীগের নেতা ফজলু ও যুবলীগের নেতা মনজু মেম্বারের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী মিছিলে হামলা চালান। এতে ছাত্রদলের তিনজন কর্মী আহত হন।অপরদিকে কাওরাকান্দি ফেরিঘাটের বেইলি ব্রিজ এলাকায় মাদবরচর ইউনিয়ন যুবলীগের নেতা খোকা মাদবর ও ছাত্রলীগের নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা বিএনপির কর্মীদের মিছিলে হামলা চালিয়ে প্রায় ১২টি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় ছাত্রদলের সাতজন কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রথমে শিবচর উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরী বলেন, কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা হামলা করেছেন।ছাত্রলীগের নেতা ফজলু হামলার কথা অস্বীকার করে বলেন, ‘বিএনপির মিছিলে হামলার কথা শুনেছি। তবে ওই মিছিলে কারা হামলা করেছে, তা আমরা জানি না।’শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘বিএনপির মিছিলে হামলার ঘটনা শুনেছি। কিন্তু বিএনপির পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করে নাই।’