শিবচরের দুই শতাধিক গ্রাম সৌরবিদ্যুতে আলোকিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মা বেষ্টিত চারটিসহ ১৮টি ইউনিয়নের প্রায় দুই শতাধিক গ্রামে এখন আর বিদ্যুতের জন্য মানুষের হাপিত্যেশ নেই। এখন তাদের ঘরে ঘরে সৌরবিদ্যুৎ আলো ছড়াচ্ছে।উপজেলার কাঁঠালবাড়ী, মাদবরেরচর, পাঁচ্চর, চরজানাজাত, বাঁশকান্দি, বহেরাতলা, দত্তপাড়া, পৌরসভাসহ বিভিন্ন এলাকার প্রায় সাড়ে তিন হাজার গ্রাহক এখন সৌরবিদ্যুতের আওতায় এসেছেন।শিবচর সৌরবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, শিবচরে সৌরবিদ্যুতের প্রায় সাড়ে তিন হাজার সংযোগ রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ১২৮টি এবং মার্চ মাসে ১৭২টি সংযোগ দেওয়া হয়েছে। বর্তমানে সংযোগ ক্রমশই বাড়ছে।বর্তমানে প্রতিটি সোলার আট হাজার ৮০০ থেকে ৬৫ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গ্রাহকেরা ইচ্ছা করলেই এককালীন কিংবা মোট মূল্যের ২৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সংযোগ নিতে পারেন। বাকি টাকা বার্ষিক ৪ শতাংশ সার্ভিস র্চাজসহ ২৪টি মাসিক কিস্তিতে দুই বছরে শোধ করতে পারেন।আবার মোট দামের ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সংযোগ দেওয়া হয়। এ ক্ষেত্রে গ্রাহকেরা বাকি টাকা বার্ষিক ৬ শতাংশ সার্ভিস র্চাজসহ ৩৬টি মাসিক কিস্তিতে তিন বছর মেয়াদে শোধ করতে পারেন।২০ ওয়াট একটি সোলারের মূল্য ১১ হাজার ৭০০ টাকা, ৪০ ওয়াট ২১ হাজার ৪০০ টাকা, ৫০ ওয়াট ২৬ হাজার ৮০০ টাকা, ৬৫ ওয়াট ৩২ হাজার ৮০০ টাকা, ৭৫ ওয়াট ৩৬ হাজার ৯০০ টাকা, ৮৫ ওয়াট ৪০ হাজার ৮০০ টাকা, ১২০ ওয়াট ৬২ হাজার ৯০০ টাকা এবং ১৩০ ওয়াট ৬৫ হাজার ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে।প্রত্যন্ত এলাকার চেয়ে বিদ্যুতায়িত এলাকায় সৌরবিদ্যুতের ওপর সার্ভিস চার্জ বেশি। কিন্তু বর্তমানে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গ্রাহকেরা বেশি চার্জ দিয়েও সৌরবিদ্যুতের সংযোগ নিচ্ছেন।সরেজমিনে উপজেলার পৌর এলাকা, বাঁচামারা নতুন বাজার, দত্তপাড়া, বড়দোয়ালী, কাঁঠালবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, প্রায় প্রতিটি ঘরের চালের ওপর রয়েছে সৌরবিদ্যুতের প্লেট। এর মধ্যে বিদ্যুতায়িত এলাকাও রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখন সৌরবিদ্যুতের মাধ্যমে পড়াশোনা, বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, টিভি ও মোবাইল ফোন চার্জের ব্যাপক সুবিধা পাচ্ছে।কাঁঠালবাড়ী ইউনিয়নের সালাম মাদবর বলেন, ‘সৌরবিদ্যুতের বাতি আহার আগে আমরা ঘরে কুপি জ্বালাইতাম। আর এহন সৌরবিদ্যুতের লাইগা আমরা ঘরে লাইডের আলো পাই। শুধু তাই না, ঘরে টিভি চালাই। টিভিতে দেশের খবরবার্তা পাই। এহন আগের চাইয়া অনেক শান্তিতেই আছি।’উপজেলার বড়দোয়ালী এলাকার গৃহবধূ রাশিদা আক্তার বলেন, ‘আগে কারেন্ট দিনের মধ্যে দুই-একবার যাইত। আর এহন কারেন্ট দিনে দুই-একবার আহে। সারা দিনের মধ্যে বেশির ভাগ সময়ই কারেন্ট থাহে না। তাই আমরা সৌরবিদ্যুৎ ব্যবহার করি। এতে কারেন্ট যায়ও না, আবার আহেও না।’পাঁচ্চর বাজারের ব্যবসায়ী বেল্লাল হোসেন বলেন, ‘বর্তমানে কারেন্ট সব সময় থাকে না, তাই আমাদের ব্যবসা করতে কষ্ট হয়। এ জন্য সৌরবিদ্যুৎ নিয়েছি। এখন আর কোনো চিন্তা নাই।’উপজেলা সৌরবিদ্যুৎ অফিসের এরিয়া ম্যানেজার মনির হোসেন পাটোয়ারী বলেন, বর্তমানে ঘন ঘন লোডশেডিং থাকায় উপজেলাব্যাপী সৌরবিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। বিদ্যুতের সংযোগ থাকা সত্ত্বেও গত মাসে পাঁচ্চরের পাঁচজন ব্যবসায়ী সৌরবিদ্যুতের সংযোগ নিয়েছেন।