শিবনারায়ণ ও তাঁর ছেলে
আইসিসির সর্বশেষ র্যা ঙ্কিংয়ে আবার টেস্ট ব্যাটিংয়ে এক নম্বরে উঠে এসেছেন শিবনারায়ণ চন্দরপল। ঢাকা টেস্টের সময় ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটসম্যানের সঙ্গে তাঁর ক্রিকেটার ছেলেকে নিয়ে কথা বলেছিলেন আরিফুল ইসলামএই একটা জায়গায় সবার অনুভূতি যেন একই রকম। সবচেয়ে দুর্বল জায়গাটাও বুঝি এখানেই। প্রসঙ্গ যখন সন্তান, পাষাণ-কঠিন হূদয়ও তখন আর্দ্র হয়ে ওঠে!একান্ত সাক্ষাৎকার পাওয়া তো বহু দূর, সংবাদ সম্মেলনের বাইরে শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে আলাদা করে এক-আধ মিনিট কথা বলার চেয়ে তাঁর উইকেট নেওয়া অনেক সহজ। তাই বলে চেহারা পাথুরে বা ব্যবহার রুক্ষ নয়, বরং সৌজন্যবোধ যথেষ্টই আছে। ‘হাই-হ্যালো’, হাসি বিনিময়, নিজে থেকে এগিয়ে এসে হাত মেলানো, কিংবা দেশের ‘আর্থসামজিক অবস্থা’ বা বিশ্ব ক্রিকেটের হালচাল নিয়ে টুকটাক কথাবার্তায় বেশ আন্তরিক। কিন্তু তাঁর নিজের প্রসঙ্গে গেলেই উদারতার দুয়ার বন্ধ। নানা ছুতোয় এড়িয়ে যাওয়া। কিন্তু সেই শক্ত কপাটও খুলে দিল চন্দরপলের ছেলে। ঢাকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলার সময় একদিন ‘তোমার ছেলে ত্যাগনারায়ণকে নিয়েই শুধু কথা বলব’, এটা বলতেই যেন নিজে থেকেই আগ্রহী হয়ে উঠলেন, ‘ছেলের খবর এখন এখানেও চলে এসেছে!’চলে না এসে উপায় আছে! আধুনিক আর অবাধ তথ্যপ্রবাহের এই যুগে বিশ্ব এখন খুব ছোট। তার ওপর চন্দরপলের ছেলে বলে কথা! গায়ানার অনূর্ধ্ব-১২ দলে সুযোগ পাওয়ার পর থেকেই চন্দরপলের বড় ছেলেকে নিয়ে ক্যারিবিয়ানে আগ্রহের শুরু। এখন তো সেটা মাতামাতির রূপ নিয়েছে। শুধু বিখ্যাত বাবার সন্তান বলেই নয়, বয়সভিত্তিক ক্রিকেটে যে রানের বন্যা বইয়ে দিচ্ছে ১৬ বছর বয়সী ত্যাগনারায়ণ, রেকর্ড-টেকর্ড ভেঙে একাকার করে ফেলছে!গত সেপ্টেম্বরে দুজন মিলে তো একরকম ইতিহাসই গড়ে ফেললেন। গায়ানার ক্লাব ক্রিকেটে একই দলে একসঙ্গে খেললেন বাপ-বেটা! ডেনিস ও হিথ স্ট্রিক কোনো একটা প্রদর্শনী ম্যাচে একসঙ্গে খেলেছিলেন বলে শোনা যায়। মিকি ও অ্যালেক স্টুয়ার্ট, অ্যালান ও মার্ক বুচারকে নিয়েও শোনা যায় একই কথা। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেটে একসঙ্গে খেলার কীর্তি চন্দরপলদের ছাড়া আর কোনো বাপ-বেটা জুটির সাম্প্রতিক অতীতে অন্তত নেই। ‘ওর সঙ্গে খেলার জন্য মুখিয়ে ছিলাম আমি। সেপ্টেম্বরে সুযোগটা এসে গেল। আমার ব্যস্ততা ছিল না, গায়ানায়ও ক্লাব ক্রিকেট চলছিল। অনুভূতি...কী বলব! ছেলের সঙ্গে খেলা রোমাঞ্চকর অবশ্যই, তবে সতর্কসংকেতও। বুঝলাম, বুড়ো হয়ে যাচ্ছি!’—চন্দরপল হাসেন। সেই হাসিতে ‘বুড়ো’ হয়ে যাওয়ার আক্ষেপ নেই, বরং ছেলেকে নিয়ে গর্বটাই ফুটে ওঠে।একসঙ্গে খেলাই শুধু নয়, উইকেটে বাপ-বেটার জুটিও হয়েছে নিয়মিত। দুজনে মিলে ত্রাস সৃষ্টি করেছিলেন ক্লাব ক্রিকেটে। ট্রান্সপোর্ট স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচটাই যেমন, গান্ধী ইয়ুথ অর্গানাইজেশনের হয়ে দুজন গড়েছিলেন ২৫৬ রানের জুটি! ১০ ছয় আর ৭ ছয়ে অপরাজিত ১৪৩ করেছিলেন শিবনারায়ণ, ৬ ছয় আর ৭ চারে অপরাজিত ১১২ ত্যাগনারায়ণ। ৪০ ওভারের ম্যাচে ৩১২ রান তুলে গান্ধী ইয়ুথ জিতেছিল ১২৫ রানে। এর কদিন আগে আরেক ম্যাচে টাইগার স্পোর্টসের হয়ে ইউনিটি ক্লাবের বিপক্ষে বাবা করেছিলেন ৮৮, ছেলে ৬২। একই ক্লাবের বিপক্ষে আরেক ম্যাচে ১৩২ রান তাড়া করতে নেমে ৫১ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল টাইগার স্পোর্টসের। পঞ্চম উইকেটে শিব (৬৮) ও ত্যাগের (৩৬) অবিচ্ছিন্ন ৮২ রানের জুটিতে জিতে যায় দল। ওই ম্যাচে আবার শুধু বাবা-ছেলে নন, খেলেছেন দাদুও। মানে শিবনারায়ণের বাবা খেমরাজ চন্দরপলও!এই খেমরাজ কিন্তু ছেলে-নাতি দুজনেরই গুরু। গায়ানার উত্তর উপকূলের ইউনিটি গ্রামে ক্রিকেটের প্রথম পাঠ দেওয়া থেকে শুরু করে দুজনেরই মূল ভিত্তিটা গড়ে দিয়েছেন খেমরাজ। শিবনারায়ণের প্রথম স্ত্রীর সন্তান ত্যাগনারায়ণ। ছেলেবেলার বান্ধবী অনলীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, পরে ছাড়াছাড়ি হয়ে যায়। এখনকার স্ত্রী অ্যামির ছেলে ব্রেন্ডনের বয়স পাঁচ ছুঁইছুঁই। অ্যামি-ব্রেন্ডনকে নিয়ে মায়ামিতে থাকেন শিব। ইউনিটি গ্রামের খোলা প্রান্তর, আলো-বাতাসের স্বাদ আর খেমরাজের ছোঁয়া পাচ্ছে না ব্রেন্ডন। শিব আর ত্যাগের মতো ব্রেন্ডন ক্রিকেটে না এলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না। চন্দরপল নিজে তো এত দূর আসায় বরাবরই সবচেয়ে বড় কৃতিত্ব দেন বাবা খেমরাজকেই। তবে ইদানীং যোগ হয়েছে একটু অনুযোগও, ‘বাবা ওর (ত্যাগরাজ) পেছনে আমার চেয়ে অনেক বেশি সময় দিচ্ছেন। আমার চেয়ে নাকি ভালো ব্যাটসম্যান বানিয়ে ছাড়বেন!’প্রকৃতিগতভাবে ত্যাগনারায়ণ ছিল ডানহাতি ব্যাটসম্যান, বাবাকে অনুসরণ করে পরে বাঁহাতি হয়ে গেছে। বাবার মতোই পিচে বেল ঠুকে গার্ড নেয় ব্যাটিংয়ের সময়। তবে বাপ-বেটার মিল আর খুব বেশি নেই। চন্দরপলের মতো ‘কাঁকড়া’ স্টান্স নয়, ত্যাগনারায়ণের স্টান্স সাইড অন, অনেক বেশি প্রথাগত। বোলিংয়ে বাবার মতো ডানহাতি স্পিনার নয়, বাঁহাতি স্পিনার। বাবার মতো স্রেফ কাজ চালানোর বোলার নয়, উইকেট পায় নিয়মিতই। কদিন আগে এক ম্যাচে অপরাজিত ৯৯ করার পাশাপাশি ৩১ রানে নিয়েছে ৭ উইকেট! চন্দরপলের বিশ্বাস, ছেলে তাঁর একদিন পরিপূর্ণ এক অলরাউন্ডার হয়ে উঠবে।বড় অমিল আছে আরেকটা। ত্যাগনারায়ণের ১০ বছর বয়সেই দাদু খেমরাজ ঘোষণা দিয়েছিলেন, ‘শিবের চেয়ে বেশি শট আছে শিবের ছেলের হাতে।’ বাবাও এখন সেটা বুঝতে পারছেন, ছেলে অনেক বেশি আক্রমণাত্মক বাটসম্যান। ধৈর্যশীলতার সমার্থক আর উইকেট আঁকড়ে থাকার প্রতীক হয়ে ওঠা চন্দরপলের যেটা মোটেও ভালো লাগছে না, ‘ত্যাগ শট অনেক বেশি খেলে। না করলেও শুনতে চায় না। বয়স কম তো, ঝুঁকি নিতে ভাবে না। কিন্তু বড় ব্যাটসম্যান হতে গেলে এই লোভ ওকে সামলাতে হবে। ক্রিকেটে সব শট পারলেও সব সময় খেলা যায় না।’সবচেয়ে কাঙ্ক্ষিত প্রসঙ্গটি উঠল সবার শেষে। ৩৮ পেরিয়েও দারুণ ফিট চন্দরপল, এখনো যেন তরুণ। পারফরম্যান্সে ভাটার টান তো নেই-ই, রানক্ষুধা যেন দিন দিন বাড়ছে। ভবিষ্যতে কী তবে বাবা-ছেলেকে একসঙ্গে খেলতে দেখবে আন্তর্জাতিক ক্রিকেট? ‘কে জানে, ইউ নেভার নো!’—চন্দরপলের হাসি যেন সম্ভাবনাটাকে প্রশ্রয় দেয়!শেষ পর্যন্ত হয়তো হয়ে উঠবে না। তবে একটা ব্যাপার নিশ্চিত। শিবনারায়ণ ক্রিকেট ছাড়লেও বোলারদের স্বস্তি নেই। উঠে আসছে চন্দরপল পরিবারের আরেকজন!