শিবপুরে দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্রী নিহত
নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়াইরিয়া সুফি নামের ছয় বছর বয়সী এক ছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়াইরিয়া ছিল শহরের এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমসের প্রথম শ্রেণীর ছাত্রী। সে শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকার খন্দকার সফিউল্লাহ মিয়ার মেয়ে।পুলিশ ও জুয়াইরিয়ার পরিবারের লোকজন জানান, এন কে এম হাইস্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের বিদ্যালয়ের গাড়িতে করে আনা-নেওয়া করা হয়। আজ সকাল সাড়ে আটটার দিকে জুয়াইরিয়ার বাবা তাকে বিদ্যালয়ের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য সৈয়দনগর এলাকায় যান। বিদ্যালয়ের গাড়িটি মহাসড়কের পূর্ব পাশে দাঁড়ানো ছিল, আর পশ্চিম পাশ থেকে বাবার হাত ধরে সড়ক পার হচ্ছিল ছোট্ট জুয়াইরিয়া। এ সময় একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে জুয়াইরিয়া গুরুতর আহত হয়। পরে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করে।নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক শেলী রানী দাস ওই স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নান্নু মিয়া জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক কিংবা চালকের সহকারীকে আটক করা যায়নি।