শিবপুরে সন্দেহভাজন তিন ছিনতাইকারী আটক
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ছিনতাইয়ের সময় তিন সন্দেহভাজন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ শনিবার রাত নয়টার দিকে উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।আটক হওয়া ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলার মোহাম্মদ হোসেন (১৮), বেলাব উপজেলার রুবেল মিয়া (২২) ও মোবারক হোসেন (২৭)।মাইক্রোবাসের চালক ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত সাড়ে আটটার দিকে শিবপুর মাইক্রো বাসস্ট্যান্ড থেকে সিলেট যাওয়ার কথা বলে পাঁচ হাজার টাকায় একটি নোয়া মাইক্রোবাস ভাড়া করেন চারজন যুবক। উপজেলা আঞ্চলিক সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যাওয়ার পর পরই তাঁরা একটি থলে থেকে মলম, স্কচটেপ, গোল (নেশা জাতীয় দ্রব্য) ও দড়ি বের করার সঙ্গে সঙ্গে চালক রাজিব মিয়া তাঁদের উদ্দেশ্য টের পেয়ে যান। অবস্থা বুঝে প্রস্রাব করার কথা বলে গাড়ি থামান তিনি। পরে স্থানীয় লোকদের বিষয়টি জানান তিনি।এদিকে, চালক রাজীবের কথা শুনে স্থানীয় লোকজন গাড়িতে থাকা যুবকদের ওই উপকরণসহ ধরে ফেলেন। পরে তাঁদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। গণধোলাইয়ের সময় চক্রের এক সদস্য পালিয়ে যান।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল ছিনতাইকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাড়ি ছিনতাইয়ের এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। তাদের ধরতে পুলিশ অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছিল।