শিবশংকর মেনন ঢাকায় এসেছেন
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশংকর মেনন আজ রোববার সকালে ঢাকায় এসেছেন। দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফর প্রস্তুতির অংশ হিসেবে তাঁর দুই দিনের এ ঢাকা সফর।আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে মেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে শিবশংকর মেনন আজ সকাল ১১টার দিকে ঢাকায় আসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমেদ করিম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শিবশংকর আজ বিকেল চারটায় প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মসিউর রহমান ও গওহর রিজভীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া কাল সোমবার দুপুরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সকালে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। কাল সন্ধ্যায় ঢাকা ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। শিবশংকর মেননের সফর সম্পর্কে জানতে চাইলে গওহর রিজভী প্রথম আলোকে বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর আসন্ন শীর্ষ বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হবে এবং আলোচনা শেষে যেসব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সইয়ের তালিকায় রয়েছে সেগুলোর প্রস্তুতি নিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন।’প্রসঙ্গত, দুই প্রতিবেশী দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে মূল সমন্বয়ের কাজটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টা মশিউর রহমান ও গওহর রিজভী এবং শিবশংকর মেনন। আনুষ্ঠানিকভাবে দুই দেশের এ তিন উপদেষ্টা ‘উচ্চপর্যায়ের সমন্বয়কারী’ হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গত দেড় বছরে বেশ কয়েকবার ভারত সফরে গেলেও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে শিবশংকর মেননের এটাই প্রথম ঢাকা সফর।