শিবালয়ে বাস খাদে নিহত ৩, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ তিনজন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ২০ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো সুলতানা বিথী (২৪), শান্তা আক্তার (২০) ও নিরব (৭)। তাদের মধ্যে শান্তা আক্তার নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচাপাাশ গ্রামের আকবর আলীর মেয়ে, সুলতানা বিথী একই গ্রামের শান্তার চাচাতো বোন ও নিরব নড়াইলের নয়াপাড়া গ্রামের সবুজ উদ্দিনের ছেলে। আহত লোকজনের অধিকাংশের বাড়ি নড়াইলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে গাজীপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গাজীপুর থেকে একটি বাস ভাড়া করে বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলে উদ্দেশে যাত্রা করেন। রাত সাড়ে ১২টার দিকে শ্রমিকবাহী ওই বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সংযোগ ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। এ ছাড়া আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জের জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া রাতেই ঘটনাস্থলে যান।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, জেলা প্রশাসকের অনুমতিতে লাশগুলো আজ (শুক্রবার) দুপুরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শিবালয় থানায় একটি মামলা হয়েছে।