শিবির কর্মীদেরও সন্তান ভাবতে প্রধানমন্ত্রীর প্রতি নিজামীর আহ্বান
ছাত্রশিবিরের কর্মীসহ সব ছাত্রকে সন্তানতুল্য মনে করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। নিজামী বলেন, সরকার, সুশীল সমাজ ও সব রাজনীতিককে দলমত-নির্বিশেষে সব ছাত্রকে সন্তানতুল্য মনে করতে হবে। কোনো একটা দলের ছেলে মারা গেলে নিজেদের সন্তান মনে করতে হবে।ছাত্রশিবিরের শাখার দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিজামী গতকাল সোমবার এসব কথা বলেন। মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই সমাবেশ হয়।জামায়াতে ইসলামীর আমির মনে করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রহত্যার পর সম্প্রতি সারা দেশে যে অভিযান পরিচালিত হয়, তা রাষ্ট্রীয় সন্ত্রাসের শামিল। তিনি বর্তমান সময়কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবিদের মক্কি জীবনের শেষ স্তরের কাছাকাছি বলে দাবি করেন। তিনি বলেন, তখন মহানবী (সা.) ও সাহাবিদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল।নিজামী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ করবেন, আমরা সঙ্গে আছি। কিন্তু শিক্ষাঙ্গনকে পরিকল্পিতভাবে অশান্ত করে লাখ লাখ ছাত্রের একাডেমিক ক্যারিয়ার নষ্ট করে ডিজিটাল বাংলাদেশ হবে না। ডিজিটাল বাংলাদেশ করতে হলে শিক্ষাঙ্গন শান্ত রাখতে হবে। শিক্ষাঙ্গন শান্ত রাখতে হলে সোনার ছেলেদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তি-বাণিজ্য, আসন-বাণিজ্য বন্ধ করতে হবে।’নিজামীর দাবি, ইসলামী ছাত্রশিবিরের ওপর দেশি-বিদেশি শক্তির কুনজর আছে। কুনজর এড়ানোর জন্য তিনি শিবিরের নেতা-কর্মীদের কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি শিবিরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, শিক্ষাঙ্গনে শান্তি প্রতিষ্ঠার জন্য শিবিরকে সর্বোচ্চ ছাড় দিতে হবে। শিবিরের বোকামির কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি শিবিরের নেতাদের প্রতি পদ-পদবির লোভ ভুলে আখেরাতের কল্যাণের দিক দেখার আহ্বান জানান।দিনব্যাপী এই সমাবেশের বিভিন্ন পর্বে দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মু. মুজাহিদ, রফিকুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবিরের সভাপতি মুহাম্মদ রেজাউল করিম।