শিবির কর্মীর বিরুদ্ধে দুটি মামলা, শিক্ষকদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল রাতে সদর থানায় শিবিরের চার শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। অন্যদিকে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল রাতেই অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে কলেজ শিক্ষক পরিষদ।এদিকে আজ বুধবার অভিযান চালিয়ে এই হামলার সঙ্গে জড়িত আরও পাঁচ শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে চলা সংঘর্ষের ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. ছলিমুর রহমানসহ শতাধিক ব্যক্তি আহত হন।এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ ওই সময় শিবিরের কলেজ শাখার সাধারণ সম্পাদকসহ ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পরে নিরপরাধ তিন ছাত্রকে ছেড়ে দেয় পুলিশ।এদিকে আজ আরও শিবিরের পাঁচ ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হওয়া মোট ১৭ জনকে আজ বেলা দেড়টার দিকে কক্সবাজার বিচারক হাকিমের আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় আহত পুলিশের এসআই অনু মং বাদী হয়ে শিবিরের সভাপতিসহ শিবিরের তিন শতাধিক ক্যাডারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।অন্যদিকে ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক হিল্লোল দাশ বাদী হয়ে আটক শিবিরের ১২ জনসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন।এদিকে ২০ মার্চ সকাল ১০টায় শিক্ষক পরিষদের তলবি সভা ডাকা হয়েছে। ওই সভা থেকে আরও কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।