শিবির ক্যাডার সাজ্জাদের তিন সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের দুর্ধর্ষ ক্যাডার ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি সাজ্জাদ খানের তিন সহযোগীকে গ্রেপ্তার এবং একে-৪৭ রাইফেলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজনকে ব্রাহ্মণবাড়িয়া ও একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তিন সন্ত্রাসী হলেন সরোয়ার হোসেন (২৩), নূর-উন নবী ওরফে ম্যাক্সন (২৮) ও গিট্টু মানিক (২৪)। উদ্ধার করা হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি বন্দুক, একটি শুটারগান, একটি এলজি, দুটি ম্যাগাজিনসহ একে-৪৭ রাইফেলের ২৭টি গুলি। গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার বিকেলে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।বায়েজিদ থানার পুলিশ জানায়, সরোয়ার ও ম্যাক্সন ব্রাহ্মণবাড়িয়ায় আত্মগোপন করে ছিলেন। বিষয়টি জেনে গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাঁরা এ দুজনকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার সকালে তাঁদের চট্টগ্রামে আনা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে গিট্টু মানিককে গ্রেপ্তার এবং শহরতলির চালিতাতলীতে গিট্টু মানিকের বাসা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, নবম শ্রেণী পর্যন্ত পড়া সরোয়ারের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১৩টি মামলা আছে। এগুলোর মধ্যে বায়েজিদ থানার পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। উচ্চমাধ্যমিক পাস ম্যাক্সনের বিরুদ্ধে ছয়টি মামলার সন্ধান পাওয়া গেছে।আদালতে নেওয়ার আগে বায়েজিদ থানাহাজতে আটক সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘শিবির ক্যাডার সাজ্জাদ একে-৪৭ রাইফেলটি আমার কাছে রাখতে দেন। এটি আরও কয়েকটি হাত বদল হয়েছে। মাঝেমধ্যে এটি ফেনীর সরকারি দল-সমর্থক সন্ত্রাসীরা ভাড়া নিতেন। আমি পালিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার আগে অস্ত্রটি গিট্টু মানিকের কাছে রেখে যাই।’ম্যাক্সন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের তৎপরতার কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আত্মগোপন করি। আমাদের চেয়ে বড় মাপের সন্ত্রাসীরা চালিতাতলীতে ঘুরে বেড়াচ্ছে, সাজ্জাদের পক্ষে চাঁদাবাজি ও সন্ত্রাস করছে।’ পুলিশের সামনে এ সময় তিনি এ রকম চারজনের নামও উল্লেখ করেন।ম্যাক্সনের দাবি, ফেনীর সরকার-সমর্থক সন্ত্রাসীদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের আওয়ামী লীগ-সমর্থক একজন ওয়ার্ড কাউন্সিলর আমাকে ভালো জানেন। আসলে গত ১৪ জুন আমার মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। পাসপোর্ট ও ভিসায় নামের বিভ্রাটের কারণে যাওয়া হয়নি।’পুলিশ জানায়, ১৬ মার্চ বায়েজিদ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে সরোয়ার ও ম্যাক্সনের তিন সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। কালুরঘাটের একটি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের এক কাভার্ড ভ্যান তৈরি পোশাক ছিনতাইয়ের সঙ্গে এ দুই ক্যাডার সরোয়ার ও ম্যাক্সন জড়িত বলে অভিযোগ ওঠে। এ ছাড়া একটি রোগনির্ণয়কেন্দ্রে ডাকাতির সঙ্গেও তাঁদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিন সন্ত্রাসী মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাজ্জাদ খানের ক্যাডার পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস করছিল। নগরে বড় অঙ্কের অর্থ ছিনতাইয়ের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। সাজ্জাদ খান দুবাই থেকে টেলিফোনে তাঁদের নিয়ন্ত্রণ করতেন বলে আমাদের কাছে তথ্য আছে।’চট্টগ্রামে চাঞ্চল্যকর আট খুনের মামলায় সাজ্জাদের মৃত্যুদণ্ডাদেশ হয়। এ মামলার রায় ঘোষণার আগে তিনি জামিন পান। চারদলীয় জোট সরকারের আমলের শেষ দিকে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি ঢাকা হয়ে দুবাই পালিয়ে যান। জামায়াতে ইসলামীর তৎকালীন দুই সাংসদ তাঁকে গাড়িতে উঠিয়ে ঢাকা যেতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।