শিবির ক্যাডাররা রগকাটার রাজনীতি করছে
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ‘শিবির ক্যাডাররা রাজশাহীসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রগকাটার রাজনীতি করছে। এটা জাতির জন্য লজ্জাজনক। এই রগকাটা সন্ত্রাসীরা রাজনৈতিক নেতাদের পেছনে মিছিল-মিটিং করে। তারাই তাদের প্রশ্রয় দেয়।’জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার ‘বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা: তুলনামূলক আলোচনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে শিক্ষা ও গবেষণার মাধ্যমে পৃথিবী প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের তাই সূত্রগত গবেষণার ওপর অধিক নজর দিতে হবে এবং তা বৃদ্ধি করতে হবে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও বেশি বেশি সময় দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় বিএনপি-জামায়াত জোট সরকার এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক শিক্ষা স্তরে সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে বলেন, প্রাথমিকে শিক্ষার্থী ভর্তির হার সাফল্যজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধ করার জন্য সরকার যথোপযুক্ত নজর রাখছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন খানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ফেডারেশনের মহাসচিব এম অহিদুজ্জামান চান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাংসদ শাহ আলম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য নজরুল ইসলাম, ফেডারেশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, ফেডারেশনের নেতা সাদ উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন বক্তব্য দেন।