শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামে আরও ৪ শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম শহরের মাদারবাড়ী এলাকার একটি মেস থেকে আরও চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিবিরকর্মীরা হলেন মো. ইব্রাহীম (১৮), সাইফুল ইসলাম (২২), আবদুল্লাহ আল নোমান (১৯) ও মাহফুজুর রহমান (১৯)। এঁদের মধ্যে আবদুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র। তাঁদের কাছ থেকে ইসলামি আন্দোলন-সম্পর্কিত চারটি বই উদ্ধার করা হয়েছে।গত ১২ ফেব্রুয়ারি জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় এ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগের রাতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিনকে নিজেদের কর্মী দাবি করে শিবির ১২ ফেব্রুয়ারি একটি মিছিল বের করে। পুলিশ মিছিলটিকে বাধা দিলে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষ হয়।উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ষোলশহর রেলস্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি স্টেশনে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি ছিলেন আলাওল হলের আবাসিক ছাত্র। ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) কাজী রফিকউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে।