শিবির-সন্ত্রাসী সাজ্জাদের আটকের মেয়াদ বাড়াতে ভারতকে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চাঞ্চল্যকর আট খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেনের আটকাদেশের মেয়াদ বাড়াতে ভারতকে অনুরোধ জানিয়েছে সরকার। পাশাপাশি এই দুর্ধর্ষ শিবির ক্যাডারকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও অব্যাহত আছে। পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর তাঁর এক মাসের আইনি হেফাজতের আটকাদেশ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে ভারত। জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামালউদ্দীন আহমেদ গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘সাজ্জাদ হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। আমরা তাঁকে ফিরিয়ে আনার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছি। তাঁকে ফেরত পাঠানোর আগে ছেড়ে না দেওয়ার বিষয়টি নিয়েও যোগাযোগ হচ্ছে।’ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত ৭ নভেম্বর সাজ্জাদ হোসেন অমৃতসরে গ্রেপ্তার হন। বর্তমানে পাঞ্জাবে আইনি হেফাজতে থাকা সাজ্জাদকে দেশে পাঠানোর ব্যাপারে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে। বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সন্ত্রাসী ও অপরাধীদের হস্তান্তরের নজির রয়েছে। সাজ্জাদের বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সূত্র জানায়, সাজ্জাদকে গ্রেপ্তারের জন্য ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে গত ২৬ এপ্রিল ইন্টারপোলে বার্তা পাঠানো হয়। সেই বার্তার পরিপ্রেক্ষিতে অমৃতসর পুলিশ গত ৭ নভেম্বর সাজ্জাদকে গ্রেপ্তার করে। ওই দিন সাজ্জাদের দুবাই চলে যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের পুলিশের কাছে তথ্য রয়েছে, সাজ্জাদকে বাঁচাতে ভারতে তাঁর স্ত্রীকে দিয়ে মামলা করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে গত ১৬ নভেম্বর তাঁর ভাই ব্যবসায়ী ওসমান গনি ওরফে সেকুন ও ভাগিনা মোহাম্মদ সোহেল ভারতে গেছেন।চট্টগ্রাম মহানগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আট খুনের মামলায় সাজ্জাদের মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনের আরেকটি মামলায় ১০ বছরের কারাদণ্ড হয়। এই দুটি ছাড়াও হত্যা ও অস্ত্র আইনসহ আরও আটটি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’ প্রসঙ্গত, চট্টগ্রামের চাঞ্চল্যকর আট খুনের মামলায় শিবির ক্যাডার সাজ্জাদসহ চার সন্ত্রাসীর মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের একটি আদালতে রায় ঘোষণার আগেই সাজ্জাদ দুবাই পালিয়ে যান। ২০০০ সালের ১২ জুলাই নগরের বহদ্দারহাটে মাইক্রোবাস থামিয়ে শিবিরের ক্যাডাররা গুলি করে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীসহ মোট আটজনকে হত্যা করে। চট্টগ্রামের ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা লিয়াকত আলীর হত্যাকাণ্ডেও সাজ্জাদের হাত ছিল বলে অভিযোগ আছে। পুলিশ সূত্র জানায়, ২০০১ সালের ২ এপ্রিল সাজ্জাদ সর্বশেষ একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন। বছর দেড়েক জেল খেটে তিনি জামিনে বের হন এবং জামায়াতের এক নেতার সহায়তায় দুবাই চলে যান। স্ত্রীকে দেশে পাঠিয়ে দিয়ে তিনি দুবাইতে এক ভারতীয়কে বিয়ে করেন এবং সেই সূত্রে ভারতে যান।