শিবির সন্দেহে ৮ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে গতকাল শনিবার রাতে শিবির সন্দেহে আট শিক্ষার্থীকে পিটিয়ে বের করে দিয়েছে হল শাখা ছাত্রলীগ। তাঁদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হল ও আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ডিলসের নেতৃত্বে ছাত্রলীগের ৮-১০ জন কর্মী ওই হলে শিবিরের খোঁজে তল্লাশি চালান। এ সময় শিবির সন্দেহে খালেদ রাজিব (দর্শন, মাস্টার্স), গোলাম মওলা (ফলিত পদার্থ, তৃতীয় বর্ষ), তারেকুজ্জামান (ফলিত গণিত, তৃতীয় বর্ষ) ও খায়রুল ইসলামসহ (অর্থনীতি, তৃতীয় বর্ষ) অন্য আরও চারজনকে হল থেকে পিটিয়ে বের করে দেন। তাঁদের গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজনের পরিচয় জানা যায়নি। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমদ আলী বলেন, হয়তো ছেলেরা দু-একটা চড়থাপড় দিতে পারে। তিনি বলেন, ‘মাদার বখশ হলে ছাত্রলীগের অবস্থান ভালো দেখে শিবির পরিকল্পিতভাবে এই হলে তাদের কর্মীদের ঢুকিয়েছে। তারা পরিচয় গোপন করেছিল। ছাত্রলীগের কর্মীরা তাদের খুঁজে বের করে।’ এ ব্যাপারে মাদার বখশ হলের প্রাধ্যক্ষ মো. শেরেজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগ কয়েকজন আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে বলে শুনেছি। তবে কেউ আমার কাছে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ করেনি।’