শিবির সভাপতির বক্তব্য নিয়ে মুখ খোলেননি আজহার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করার হুমকি দিয়ে ছাত্রশিবিরের সভাপতির বক্তব্য দেওয়া নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম মুখ খোলেননি । জামায়াতে ইসলামী আজ শুক্রবার বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে। গতকাল মিরপুর থেকে জামায়াতের বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে বেশ কয়েকবার শিবিরের সভাপতি রেজাউল করিমের গতকালের বক্তব্যের ব্যাপারে আজহারুল ইসলামের মত জানতে চাওয়া হয়। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো কথাই বলেননি।এ ব্যাপারে জানতে চাইলে প্রথমে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা যা বলি, সব তো পত্রিকায় আসে না। আজ যা বলছি সে প্রসঙ্গই থাকি। অন্য প্রসঙ্গে আপাতত কথা না বলি।’ ছাত্রশিবিরের সভাপতির বক্তব্য সমর্থন করেন কি না, জানতে চাইলে তিনি আবার বলেন, ‘আজকে যা বললাম, কথা তার মধ্যে সীমাবদ্ধ করি।’‘আপনাদের ছাত্র সংগঠনের সভাপতির দেওয়া বক্তব্যের বিষয়ে কেন অবস্থান পরিষ্কার করছেন না? তাহলে কি তাঁর বক্তব্য সমর্থন করেন?’ এর উত্তরে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আপনারা কী বলবেন, সেটা আপনাদের ব্যাপার। আমাদের বক্তব্য আজকের বিষয়ের মধ্যেই থাক। আশা করব, এর মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন।’লিখিত বক্তব্যে আজহার দাবি করেন, জামায়াত নেতাদের কাছ থেকে বোমা পাওয়া গেছে, এটা নির্লজ্জ মিথ্যাচার। সরকারি দলের লোকেরা যেভাবে মারামারি করছে, তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা এ নাটক সাজিয়েছে।