শিবিরকে সহযোগিতা করা সবার ঈমানি দায়িত্ব: নিজামী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের নামে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে দেওয়া হবে না। তাঁদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে না-ঘাঁটাতেও তারা সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। দলটির আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ছাত্রশিবিরকে সহযোগিতা করা সবার ঈমানি দায়িত্ব। এটা না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তাদের বেশির ভাগ আলোচনায় পঞ্চম সংশোধনী বাতিল ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ উঠে আসে।প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান নিজামী অবশ্য সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি ও পরিস্থিতি নিয়ে কোনো কথা বলেননি। তিনি বলেন, ‘ছাত্রশিবিরকে শক্তি জোগানো, তাদের সহযোগিতা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা যে কাজ করতে পারিনি, ছাত্রশিবির তা করছে। এদের সহযোগিতা না করলে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে।’দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধসহ তারা যেসব কথা বলছে, তার কোনো কিছুই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, দেশ-জাতি আজ ইসলামী ছাত্রশিবিরের দিকে তাকিয়ে আছে।কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেন, ‘আপনারা ধর্মীয় রাজনীতি বন্ধ করতে চান, ইসলামী আন্দোলনের নেতৃত্বকে ধ্বংস করতে চান। আমরাও বলতে চাই, বাংলাদেশে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার রাজনীতি চললে ইসলামি রাজনীতিও চলবে।’কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের নামে সরকার ইসলামি রাজনীতি বন্ধ করে ধর্মনিরপেক্ষ রাজনীতি চালু করতে চায়। আওয়ামী লীগের ষড়যন্ত্র বানচাল করার জন্য বাংলাদেশে সবচেয়ে কার্যকর শক্তি হচ্ছে ইসলামী ছাত্রশিবির, জামায়াত এবং অন্য ইসলামি দলগুলো। এ জন্য আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে।’দলটির রমনা থানার আমির সেলিম উদ্দিন বলেন, ‘বাংলাদেশ থেকে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করার সাধ্য কারও বাবার নেই। আমরা বসে বসে আঙুল চুষব না। ছাত্রশিবির একটি দুর্গ। এ দুর্গে আঘাত হানলে পাল্টা আঘাতে আঘাতকারীরাই ধ্বংস হয়ে যাবে।’পল্টন থানার আমির শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের কাজ বাধাগ্রস্ত করতে পারবেন না। বাধাগ্রস্ত করলে পানির ১০ হাত নিচে গিয়েও আত্মরক্ষা করতে পারবেন না। সরকারের প্রতিটি কর্মকাণ্ড শিবির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘যাঁরা আমাদের বারবার নিষিদ্ধ করতে চান, তাঁদের আমরা কী করতে চাই, তা আর বলতে চাই না। ছাত্রলীগ আমাদের নিষিদ্ধ করার হুমকি দেয় বারবার, আমরা তাঁদের উদ্দেশে বলতে চাই, আপনারাই না আবার নিষিদ্ধ হয়ে যান।’