শিবিরচালিত দুটি কোচিং সেন্টারে আগুন দিল ছাত্রলীগ
যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন জিরো পয়েন্ট মোড়ে ইসলামী ছাত্রশিবির পরিচালিত ফোকাস ও রাডার নামে দুটি কোচিং সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করে আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় রাডার কোচিং সেন্টারে থাকা প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে মারধর করা হয়। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।কোচিং সেন্টার দুটিতে যশোর জেলা ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, ছাত্রলীগের একটি মিছিল দুপুরে পাশাপাশি থাকা ফোকাস ও রাডার কোচিং সেন্টারে আকস্মিকভাবে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় রাডার কোচিং সেন্টারে থাকা প্রতিষ্ঠানের পরিচালক হাফিজুর রহমানকে (২৫) ছুরিকাঘাত এবং ব্যবস্থাপক মনিরুজ্জামান (২৪) ও গাইড সম্পাদক শাহাদাত্ হোসাইনকে (২২) লাঠি দিয়ে পেটানো হয়।এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির যশোর শহর কমিটির সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের ৫০-৬০ জন কর্মী আকস্মিকভাবে রাডার ও ফোকাস কোচিং সেন্টারে হামলা চালান। এ সময় তাঁরা দুটি কম্পিউটার ও ব্যবস্থাপকের টেবিলের ড্রয়ারে থাকা এক লাখ ২০ টাকা লুট করে নিয়ে যান। কোচিং সেন্টারের ভেতরে থাইগ্লাসের দেয়ালসহ অন্তত ২০টি জানালার কাচ ভাঙচুর ও টেবিল-চেয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।শফিকুল ইসলাম আরও জানান, হামলায় আহত তিনজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার দায়িত্ব স্বীকার করে আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, কোচিং সেন্টার দুটিতে ভর্তি হওয়া কোমলমতি ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া হতো। এ ছাড়া এ দুটি প্রতিষ্ঠান থেকে জঙ্গিদের খরচের অর্থের জোগান দেওয়া হয়ে থাকে। এ জন্য এই প্রতিষ্ঠান দুটিতে হামলা চালানো হয়েছে।এ ব্যাপারে যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র প্রথম আলো ডটকমকে বলেন, ‘শুনেছি, ছাত্রলীগের নামে স্লোগান দিয়ে শিবির পরিচালিত দুটি কোচিং সেন্টারে কে বা কারা হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি কেউ কোনো অভিযোগও করেনি।’