শিবিরের কর্মকাণ্ড জোটের কর্মসূচি নয়: নজরুল
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর দাবিতে দেশব্যাপী জামায়াত-শিবির যে কর্মকাণ্ড চালাচ্ছে, তা জোটের কোনো কর্মসূচি নয়। এটা তাদের নিজস্ব দলীয় কর্মসূচি। এতে বিএনপির ওপর কোনো প্রভাব পড়বে না বলে তিনি মন্তব্য করেন।আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম এ কথা বলেন।তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১২ সালের ২৯ জানুয়ারি চাঁদপুরে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে আবুল মৃধা ও লিমন ছৈয়াল নামের দুজন নিহত হন। নিহত দুজন বিএনপির কর্মী বলে দাবি করে দলটি। তাঁদের স্মরণে আজ এক সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘যারা অন্যায়ভাবে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য আমার ভাইদের খুন করছে, আরও অনেককে আহত করছে, তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ ও ক্রোধ আছে। আমাদের দেশের মানুষ অত্যাচারী-নিপীড়নকারীদের কখনো ক্ষমা করে নাই, ক্ষমা করবে না।’নজরুল ইসলাম আরও বলেন, আগামী দিনে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, এ সরকারকে ওই অপরাধের জবাব অবশ্যই দেওয়া হবে। আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।জেলা বিএনপির সভাপতি মমিনুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব বরকত উল্লা, জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, সংরক্ষিত আসনের মহিলা সাংসদ রাশেদা বেগম হিরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রমুখ।