শিবিরের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিন অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা-বিষয়ক সম্পাদক শাহীনুর রহমানসহ ৩৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া শিবিরের নেতা-কর্মীদের মধ্যে ঢাকা মহানগর শিবিরের (পশ্চিম) সভাপতি সাজ্জাদ হোসাইন, সেক্রেটারি গোলাম কিবরিয়া ছাড়াও মহানগরের বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারি রয়েছেন। ডিবির সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দয়াগঞ্জ এলাকা থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা-বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান ও শিবিরের নারায়ণগঞ্জের জেলা সভাপতি ইলিয়াস মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে শিবিরের মহানগর পশ্চিম বিভাগের সভাপতি সাজ্জাদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর মুঠোফোন ব্যবহার করে ডিবি কার্যালয়ে ডেকে এনে গ্রেপ্তার করা হয় ওই কমিটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াকে। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। আজ রাতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া জানান, ডিবি পুলিশ মহানগর শিবিরের পশ্চিম বিভাগের সভাপতি ও সেক্রেটারির মুঠোফোন কৌশলে ব্যবহার করে নগরীর ১২ থানার সভাপতি ও সেক্রেটারিসহ একে একে অন্যদের নির্দিষ্ট স্থানে ডেকে এনে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের নেতা-কর্মীদের কোনো থানায় পাঠানো হয়নি।ইসলামী ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবি কার্যালয়ে গ্রেপ্তার হওয়া ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে আছেন—ছাত্রশিবিরের মহানগর কমিটির আমিনুল ইসলাম, আবির হোসেন, ওয়েস খান নুর, সোহেল, আবদুল আলিম, ফেরদৌস, জাকারিয়া, শহীদুল ইসলাম, মশিউর রহমান, মুজাহিদ, ওমর ফারুক, এনামুল হক, ইসরাফিল হোসেন, জুবায়ের হোসেন, আবদুল হান্নান, রফিকুল ইসলাম, গোলাম মর্তুজা, আতিকুর রহমান, আশরাফুল আলম, এনামুল হক, রাসেল মাহমুদ, শরিয়তউল্লাহ, নিজামউদ্দিন, শাফায়েত হোসেন ও আলী আকবর। জানতে চাইলে ডিবির উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, সম্প্রতি মিরপুর, কারওয়ান বাজার, যাত্রাবাড়ীসহ রাজধানীজুড়ে পুলিশকে মারধর, চোরাগোপ্তা হামলা, যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় নগরীর বিভিন্ন থানায় অনেকগুলো মামলা হয়েছে। এসব হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগের সঙ্গে জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ তথ্যের ভিত্তিতে ৩৬ জনকে আটক করা হয়। পরে বিভিন্ন থানায় আগে দায়ের হওয়া মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। ডিবির কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময় রাজধানীতে চোরাগোপ্তা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত জামায়াত-শিবিরকর্মীদের সম্পর্কে তথ্য ও অবস্থান জানতে গ্রেপ্তার শিবিরের নেতা-কর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হবে।