রাজধানী ঢাকা ও গাজীপুরের কালিয়াকৈর থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান চার নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।র্যাব দাবি করেছে, শিবিরের গ্রেপ্তারকৃত নেতাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, চরমপন্থী সংগঠন সর্বহারা জামায়াত-শিবিরকে বোমা সরবরাহ করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদপুর থানা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ জায়েদ বিন সাবিত, মিরপুর বাঙলা কলেজ শাখা শিবিরের সভাপতি সুলতান মোহাম্মদ রিপন, মতিঝিল থানা শিবিরের সাবেক সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আলমগীর হোসেন এবং ৪২ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি ইমরান হোসেন। র্যাব জানায়, তাঁদের কাছ থেকে পাঁচটি গুলিসহ একটি শাটারগান, ছয়টি বোমা, বেশ কিছু সাংগঠনিক ও জিহাদি বই, সরকারবিরোধী প্রচারপত্র, বিদেশে কথা বলার কলিং কার্ড, প্রায় সোয়া এক লাখ টাকা, বোমা তৈরির উপকরণ যেমন—কাচের গুঁড়া, সালফার, পটাশসহ কয়েক ধরনের বিস্ফোরক, তার, স্কচটেপ, ব্যাটারি ইত্যাদি উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া চারজনকে গতকাল বুধবার র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। র্যাব জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা শাখা তাঁদের গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানে গোয়েন্দা শাখার সঙ্গে ছিল র্যাব-২। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় চার নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা গ্রেপ্তার হওয়ার পর জামায়াত-শিবিরের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা বাস্তবায়নে তাঁরা অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ শুরু করেন।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আটটার দিকে কালিয়াকৈরের রতনপুর থেকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাবিতকে গ্রেপ্তার করা হয়। তিনি র্যাবকে জানান, পান্থপথের একটি নির্মাণাধীন ভবনের পতিত জমিতে বেশ কয়েকটি ককটেল ও বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন ককটেলগুলো সেখানে লুকিয়ে রাখেন। পরে সাবিতকে নিয়ে র্যাবের সদস্যরা ওই স্থানে গিয়ে মাটি খুঁড়েও কিছু পাননি। এরপর তাঁর তথ্যানুযায়ী র্যাব রাত ১০টার দিকে কল্যাণপুরের মেস থেকে সুলতানকে গ্রেপ্তার করে। সুলতান র্যাবকে জানান, মেহেদী হাসান তারেক নামে শিবিরের এক নেতা তাঁকে কিছু ককটেল রাখতে দিয়েছিলেন। তিনি কয়েক দিন আগে ওই ককটেলগুলো নর্দমায় ফেলে দিয়েছেন। সুলতানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যানুযায়ী গতকাল ভোরে মোহাম্মদপুরের আজিজ মহল্লায় শিবিরের একটি মেস থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। ওই মেস থেকেই উদ্ধার করা হয় অস্ত্র-বোমাসহ অন্যান্য সরঞ্জাম।র্যাব দাবি করে, শিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক গোলাম মর্তুজার নির্দেশে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এসব সংরক্ষণ ও সংগ্রহ করছিলেন। মর্তুজা ককটেল তৈরির জন্য আলমগীরকে ৩০ হাজার টাকা দিয়েছিলেন। আলমগীর ওই টাকা ককটেল তৈরির জন্য দেন পাবনার একটি সর্বহারা দলের সদস্য নজরুল ওরফে জাকিরকে।গ্রেপ্তার আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, মর্তুজা তাঁকে (আলমগীরকে) জানিয়েছিলেন যে তাঁর কিছু ককটেল বানানো প্রয়োজন। সে অনুযায়ী তাঁকে তিনি নজরুলের সঙ্গে পরিচয় করিয়ে দেন।উদ্ধারকৃত বইয়ের মধ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের একটি প্রকাশনাও রয়েছে। র্যাব জানায়, এ থেকে তাঁরা ধারণা করছেন, জামায়াত-শিবিরের সঙ্গে হিযবুত তাহ্রীরের সম্পর্ক থাকতে পারে।ছাত্রশিবিরের প্রতিবাদ: এদিকে ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ রেজাউল করিম ও সম্পাদক মো. ফখরুদ্দিন মানিক যৌথ বিবৃতিতে বলেছেন, ছাত্রসমাজকে ছাত্রশিবিরবিমুখ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। এরই একটা অংশ হচ্ছে, ছাত্রশিবিরের নেতাদের ঘুমন্ত অবস্থায় র্যাব কর্তৃক সাজানো নাটক মঞ্চস্থ করার মাধ্যমে অস্ত্র, শাটারগান, গুলি ও বিস্ফোরক ধরিয়ে দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, অমূলক, অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত হাস্যকর।