শিবিরের তাণ্ডব: ৪৫ জন রিমান্ডে
রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের তাণ্ডবের ঘটনায় গতকাল সোমবার গ্রেপ্তার ৪৫ জনকে পৃথক তিনটি মামলায় পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গতকাল রাতে মতিঝিল ও পল্টন থানায় করা চারটি মামলার মধ্যে তিনটি মামলায় আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। গতকাল রাতে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে দুটি এবং গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করে। এসব মামলায় মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনকে পুলিশের প্রতিবেদনে শারীরিকভাবে অসুস্থ বলে মন্তব্য করা হয়েছে। তাই তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করেনি পুলিশ। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুন-অর রশীদ প্রথম আলো ডটকমকে জানান, এসআই সুপনচন্দ্র নাথ বাদী হয়ে গতকাল রাত সোয়া আটটার দিকে দ্রুত বিচার আইনে মতিঝিল থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৩০ জনকে আসামি করা হয়। তিনি আরও জানান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে ওই ৩০ জনকে আসামি করে একই সময়ে আরেকটি মামলা করেন।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে বলেন, এসআই বাবুল হোসেন ১৭ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে গতকাল রাত সাড়ে আটটার দিকে পল্টন থানায় মামলা করেন। ওই ১৭ জনকেই আসামি করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই আবদুল জলিল গতকাল রাতে আরেকটি মামলা করেন। পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গতকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে তাণ্ডব চালান শিবিরের কর্মীরা। মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে ‘বিক্ষোভের’ নামে তাঁরা সহিংস তত্পরতা চালিয়েছেন। তাঁদের হামলায় রাজধানীতে মতিঝিল থানার ওসিসহ পুলিশের অন্তত ২১ জন সদস্য আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার দফায় ১৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, সাতক্ষীরা, জয়পুরহাট, ফরিদপুর, বগুড়া, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে ছাত্রশিবিরের কর্মীরা লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে বেপরোয়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের অন্তত ৩০ জন সদস্য আহত হন।