শিবিরের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার ২৭
রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। ওই হামলার ঘটনায় আজ বুধবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইমাম হোসেন জানান, মন্ত্রীর গাড়িবহরে হামলা ও ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিস্ফোরক আইনে তিনটি মামলা হয়। তেজগাঁও থানার পুলিশ বাদী হয়ে গতকাল গভীর রাতে মামলাগুলো করেন। উপকমিশনার জানান, হামলার ঘটনায় আজ সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয় ১৬ জনকে। দুই দিনে মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হলো। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের ওপর হামলা চালান শিবিরের প্রায় ২০০ কর্মী। শিবিরকর্মীরা পুলিশ সার্জেন্ট আজিজুল ইসলামের মাথা ফাটিয়ে দেন। তাঁর মোটরসাইকেলও জ্বালিয়ে দেওয়া হয়। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আইনমন্ত্রীর গাড়িবহরও তখন হামলার মুখে পড়ে। পরে শিবিরের কর্মীরা একের পর এক গাড়ি ভাঙচুর করেন। পুলিশ এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।