সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ সোমবার সকালে শিক্ষার্থীদের বাসে হামলা চালিয়ে চাবি কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে এক শিক্ষার্থীকে কুড়াল দিয়ে আঘাত করারও অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকাল আটটার দিকে নগরের সোনারপাড়া এলাকায় শিক্ষার্থী বহনকারী তিনটি বাসে হামলা চালান শিবিরের কর্মীরা। এ সময় মোহাম্মদ হোসেন জামি নামে বিবিএর এক ছাত্র আহত হন। একই সঙ্গে ওই তাঁরা তিনটি বাসের চালককে জিম্মি করে চাবি কেড়ে নেন।বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ফটক থেকে মুঠোফোনে ডেকে নিয়ে বদরুল আলম নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বদরুল অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। বদরুলকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীপেন দেবনাথ।বদরুলকে উদ্ধারকারী কয়েকজন জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বদরুলের সমবয়সী ৮-১০ জন চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাঁকে ফেলে যায়।মহানগর পুলিশের জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম গ্রেপ্তার হওয়ায় ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল করে। এর সূত্র ধরে রাতে আবাসিক হলে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ হয়। সংঘর্ষে আবাসিক হলে লুটপাট হয়েছে—এমন অভিযোগ তুলে ছাত্রশিবির সংবাদ সম্মেলন করে গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।