শিবিরের নাশকতায় অগ্নিদগ্ধ মুসা মারা গেছেন
চট্টগ্রামে হরতালকারীদের আগুনে দগ্ধ ইজিবাইকের চালক মোহাম্মদ মুসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) মারা যান মুসা। মুসার চাচাতো ভাই আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আগামীকাল রোববার মুসার মরদেহ চট্টগ্রামে পৌঁছতে পারে বলে জানান তিনি। গত ২৫ মার্চ নগরের রাহাত্তারপুল এলাকায় ছাত্রশিবিরের কর্মীরা প্রথমে মুসার ইজিবাইকে আগুন দেন। এরপর মুসার শরীরেও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তাঁরা। এতে মুসার শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে যায় বলে চিকিত্সকেরা জানিয়েছিলেন। গুরুতর আহত মুসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এরপর ওই দিন বিকেলে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজন মুসার চিকিত্সার জন্য প্রায় দুই লাখ টাকা অনুদান দেন। মুসা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।