শিবিরের বোমায় দুই পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বয়রা মোড় এলাকায় আজ বুধবার সকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে জামায়াত-শিবিরের কর্মীরা বোমা হামলা চালিয়েছেন। এতে নগরের সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির (৩৫) ও কনস্টেবল রাকিব (৩৫) আহত হন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল ১০টার দিকে নগরের বয়রা মোড় থেকে খুলনা নগর জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। এ সময় এসআই নাসিরের নেতৃত্বে পুলিশের একটি টহলদল ওই এলাকায় অবস্থান করছিল। মিছিলটি বয়রা মোড় থেকে পাবলিক কলেজের দিকে যাওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনটি ককটেল ছোড়া হয়। এতে পুলিশের ওই দুই সদস্য আহত হন। মিছিলকারীদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। খবর পেয়ে পুলিশের আরও কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানিয়েছেন।