শিবিরের মতো হলে ছাত্রলীগে টেন্ডারবাজি থাকবে না: মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ আজ সোমবার ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ছাত্রসমাজের সবাই তোমাদের ভাইবোন। সবার প্রতি উদার দৃষ্টিভঙ্গি রাখবে। কেউ কঠিনভাবে আঘাত করলে ফুল দিয়ে জবাব দেবে।’ মুজাহিদ সাংবাদিক ও পুলিশকে উদ্দেশ করে বলেন, ছাত্রশিবিরের হাজার হাজার কার্যালয় ও মেসে রেইড করা হয়েছে। কোথাও কি কোনো পর্নো ছবি বা বই পাওয়া গেছে? সবখানেই বই পাওয়া গেছে। সেখানেও জিহাদি বই বলে কলঙ্কের ছাপ দেওয়া হয়েছে। কেউ এগুলোকে আন্দোলনের বই বলছে না। জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতা দিবসের আলোচনা, গরিব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদ এসব কথা বলেন। ছাত্রশিবিরের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। মুজাহিদ তাঁর বক্তব্যে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ফুটন্ত ফুলের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ফুল যেমন কোনো বাছবিচার না করে সুবাস ছড়ায়, তেমনি শিবিরের নেতা-কর্মীদের দেশপ্রেম ও সততার সৌরভে সবাই আকৃষ্ট হবে। ছাত্রশিবির তার সদস্যদের সত্, দেশপ্রেমিক ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে তোলে—এই দাবি করে মুজাহিদ ছাত্রলীগকেও এমন একটি সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শিবিরের মতো হতে পারলে ছাত্রলীগে আর টেন্ডারবাজি থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। সভায় শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, পত্রপত্রিকায় জামায়াত নিয়ে লেখালেখি হচ্ছে, তাতে তাদের প্রচার বাড়ছে। এ জন্য তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি মনির উদ্দিন।