শিবিরের মিছিল ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আযমের মামলার রায় দেওয়া হবে আজ সোমবার। গতকাল রোববার দুপুরে এ ঘোষণা আসার পরপরই রাজধানীতে পুলিশের ওপর হামলা ও যানবাহনে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। রায় ঘোষণার প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।এদিকে সরকারি সূত্রগুলো জানিয়েছে, হরতালে নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশের পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। রাস্তায় পুলিশ, র্যাবের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। আজ সকাল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দাঙ্গা দমনের সরঞ্জামসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে। এর বাইরে হাইকোর্ট এলাকা ঘিরে থাকবে আরও বিশেষ নিরাপত্তাব্যবস্থা।গতকাল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা দেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে করা মামলার রায় আজ দেওয়া হবে। এই ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় মারমুখী হয়ে রাস্তায় নামেন জামায়াত-শিবিরের কর্মীরা। এর আগে জামায়াতের চার নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় দেওয়ার ঘোষণা আসার পর সারা দেশে সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবির।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় শিবিরের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে গাড়ি ভাঙচুর শুরু করেন তাঁরা। এ সময় পল্টনের কস্তুরি হোটেলের সামনে পুলিশ টেলিকমের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম মোটরসাইকেলে ওঠার সময় তাঁর ওপরে চড়াও হন ছাত্রশিবিরের কর্মীরা। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পল্টন থানার পুলিশের একটি টহল দলের ওপরও আক্রমণ চালানো হয়। এতে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন ও উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দীন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হামলার শিকার পুলিশের কনস্টেবল মিজান জানান, তাঁরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁদের সঙ্গে পোশাক পরা অবস্থায় ছিলেন পরিদর্শক আলমগীর হোসেন। হঠাৎ একদল যুবক তাঁদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। পুড়িয়ে দেওয়া হয় তাঁদের ব্যবহূত রিকুইজিশন করা একটি মাইক্রোবাস।এ ঘটনার পর বেলা তিনটার দিকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় জামায়াত। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যার জন্য সরকারের ষড়যন্ত্র রুখে দিতে এ হরতাল ডাকা হয়েছে।একজনের মৃত্যু: এদিকে গতকাল দুপুরে জামায়াতের তেজগাঁও শিল্পাঞ্চল থানার আমির আবুল আলা মোহাম্মদ ইকবাল (৪৫) মারা গেছেন। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গোলাম আযমের মামলার রায় দেওয়ার ঘোষণার প্রতিবাদে গতকাল দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা জামায়াত একটি মিছিল বের করে। মিছিল শেষে ফেরার পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। পরে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার বলেন, ‘পুলিশ ধরেছে এটা ডাহা মিথ্যা কথা। পুলিশ কাউকে ধরেইনি, তাই ছাড়ারও প্রশ্ন আসে না।’জামায়াতের ঢাকা মহানগর মজলিসে শুরার সদস্য এবং তেজগাঁও কলেজের শিক্ষক আজম কামাল বলেন, হরতালের সমর্থনে শিল্পাঞ্চল থানা জামায়াত মহাখালীতে একটি মিছিল বের করে। পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইকবাল পুলিশের হাতে আটক হন।আজম কামালের অভিযোগ, আটক করে ইকবালকে ‘মানসিক নির্যাতন’ করে পুলিশ। পরে ২০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়। এর পরই তিনি অসুস্থ হয়ে পড়লে নেতা-কর্মীরা তাঁকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের চিকিৎসক মনির হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ইকবালের মৃত্যু হয়েছিল। চিকিৎসকেরা শুধু তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় পূর্ব নাখালপাড়া গোরস্থান মসজিদে ইকবালের জানাজা অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় ও শেষ জানাজা শেষে নোয়াখালীর মাইজদীর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।