রাজশাহীতে অভিযান: চার বাড়ি থেকে ৩৫ জন গ্রেপ্তার
শিবিরের মেস থেকে চায়নিজ কুড়াল ও বিস্ফোরক উদ্ধার
রাজশাহী নগরের সপুরা এলাকায় গত মঙ্গলবার রাতে একটি বাড়ি থেকে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র, বিস্ফোরক, জিহাদি বই, প্রচারপত্র ও গোপন নথিপত্র উদ্ধার করা হয়েছে। এ সময় আটজনকে আটক করা হয়েছে। এ ছাড়া নগরের আরও তিনটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ও র্যাবের একটি দল শিবিরের আরও ২৭ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। মেস হিসেবে ভাড়া নিয়ে চারটি বাড়িই শিবির গোপন আস্তানা হিসেবে ব্যবহার করছে বলে পুলিশ জানায়।উদ্ধার করা জিনিসপত্রের মধ্যে রয়েছে ১৯টি চায়নিজ কুড়াল, একটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম। শিবিরের কর্মীরা কখন কোথায় গেছেন, গাড়িভাড়া বাবদ কত টাকা খরচ করেছেন, সাংগঠনিক নাশতার বিল, সেক্রেটারিকে ফ্লেক্সি, কার হাত দিয়ে টাকা খরচ হয়েছে—তারিখ অনুযায়ী তার বিস্তারিত হিসাব লেখা রয়েছে। ইলেক্ট্রন ভর্তি কোচিংয়ের প্যাডে ভাউচার করা হয়েছে। তাঁরা ধ্রুবতারা সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের নামে সদস্য সংগ্রহ করেন। এই সংঘের বেশ কিছু রসিদ জব্দ করা হয়েছে। প্রতিটি রসিদে শিবিরের ছয়জন করে কর্মীর নাম ও মুঠোফোন নম্বর দেওয়া রয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পুলিশ ও র্যাবের দলটি গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে প্রথমে সপুরায় স্থানীয় শফিকুল ইসলামের টিনশেডের বাড়িতে অভিযান চালায়। বাড়িটিতে ছাত্রাবাস বা কোনো কার্যালয়ের সাইনবোর্ড ছিল না। বাসার সামনের দুটি কক্ষ খালি। এর পরের কক্ষে গিয়ে ১৯টি চায়নিজ কুড়াল, একটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম, জিহাদি বই, লিফলেট, পাঁচটি ব্যাংক হিসাব ও শিবিরের সাংগঠনিক কার্যক্রমের গোপন নথিপত্র পাওয়া যায়। পুলিশ সেখান থেকে বাড়ির মালিকের ছেলেসহ আটজনকে আটক করে।পুলিশ জানায়, শিবিরের একজন সদস্য বাসার একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। তাঁর সঙ্গে ওই কক্ষে আরও কয়েকজন থাকতেন। তাঁরা কক্ষটি শিবিরের গোপন আস্তানা হিসেবে ব্যবহার করছিলেন। এটি শিবিরের পলিটেকনিক ইনস্টিটিউট শাখার কার্যালয় হিসেবেও ব্যবহার করা হতো।টিনশেড বাড়ি থেকে অস্ত্র, চায়নিজ কুড়ালসহ আটজনকে গ্রেপ্তারের পর পুলিশ পাশের আরেকটি বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে ১৪ জনকে আটক করা হয়। তিনতলা ওই বাড়ির মালিক মোশাররফ হোসেন। তিনি সপরিবারে বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। নিচতলা ও তৃতীয় তলায় শিবিরের সদস্যরা ভাড়া থাকতেন।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বাসাটির নিচতলা বাইরে থেকে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়। বাইরে থেকে কেউ দেখলে মনে করবে যে বাসায় কেউ নেই। তাঁরা দ্বিতীয় তলা থেকে বাড়ির মালিক মোশাররফের ছেলেকে নিচে নামিয়ে তালা খুলে শিবিরের ক্যাডারদের পান। এঁদের মধ্যে গত সোমবার পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীরের ওপর হামলাকারীরাও ছিলেন। এঁরা সবাই রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। এদের পাঁচজন হামলার সময় সামনের দিকে ছিলেন। এই বাসা থেকে পুলিশ শিবিরের পোস্টার, প্রচারপত্র ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করে।পরে যৌথ দলটি সপুরা এলাকায় শাকিল আহাম্মেদ নামের এক ব্যক্তির বাসায় অভিযান চালায়। সেখান থেকে শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়। এই বাসার দ্বিতীয় তলায় মালিক সপরিবারে থাকেন। আর নিচতলায় শিবিরের কর্মীরা থাকেন। একই রাতে নগরের বিনোদপুর এলাকা থেকে শিবিরের আরও সাতজন কর্মীকে আটক করা হয়।বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান বলেন, ৩৫ জনকে বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। তাঁদের গত সোমবার পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হবে।রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, গ্রেপ্তার করা ৩৫ জনের মধ্যে ২৬ জন পুলিশের ওপর হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।