শিবিরের মেস থেকে ডামি পিস্তল ও রাইফেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাড়ি থেকে ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কাগজপত্র, নকল (ডামি) রাইফেল ও পিস্তল এবং প্রচুরসংখ্যক ইসলামি বইসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল শুক্রবার ভোরে এ অভিযান চালায়। বাড়িটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুর রহমান মজুমদার। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।বাটা সিগন্যালের পাশে ২৬৬, এলিফ্যান্ট রোডের জরাজীর্ণ দোতলা বাড়িটিতে বিশ্ববিদ্যালয়ের ২০-২৫ জন ছাত্র ভাড়া থাকতেন। এর আগে গত ফেব্রুয়ারি মাসে একবার সেখানে হানা দিয়ে পুলিশ বেশ কিছু ইসলামি বইসহ অন্যান্য উপকরণ উদ্ধার করে। এর পর থেকেই বাসাটি তালা মারা ছিল। প্রতিবেশীরা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন তরুণ তালা ভেঙে ওই বাসায় ঢোকে। গলির প্রহরীরা স্থানীয় বাসিন্দাদের খবর দিলে তাঁরা পুলিশকে জানান। এরপর পুলিশ এসে হানা দেয়। উদ্ধার করা উপকরণের মধ্যে রয়েছে দুটি নকল (ডামি) রাইফেল, তিনটি নকল পিস্তল, প্রচুর ইসলামি ও অন্যান্য বই, অডিও-ভিডিও ক্যাসেট, সিডি, জাতীয় পতাকা, শিবিরের সাংগঠনিক রসিদ, নথি, এ এফ রহমান হলের শিবিরের সদস্যদের নাম ও দায়িত্ব তালিকা, চাঁদার খাতা, ব্যক্তিগত ও সাংগঠনিক ডায়েরি, ব্যানার ও এ ধরনের বিভিন্ন উপকরণ, কয়েকটি ব্যাটারি ইত্যাদি।বাড়ির মালিক জামায়াতপন্থী হিসেবে পরিচিত অধ্যাপক আমিনুর রহমান বলেন, ওই ছাত্ররা চার-পাঁচ বছর ধরেই ভাড়া থাকেন। আর তাঁরা ওঠার সময় শিবির বলে পরিচয় দেননি। তিনি অভিযোগ করেন, স্থানীয় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী পুলিশ আসার আগে তাঁর বাড়িতে ঢুকেছিলেন।অধ্যাপক মজুমদার আরও বলেন, ‘তাঁরা আমাকে নিয়মিত ভাড়া পরিশোধ করতেন। একজন ছাত্রের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু বাড়িওয়ালা হিসেবে আমার দেখার বিষয় হচ্ছে, তিনি আমার জন্য ক্ষতিকর কি না।’ঘটনার একজন প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে জানান, তালা ভেঙে লোক ঢোকার খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশের একটি দল এসে বাসাটি দেখে চলে যায়। পরে ভোরের দিকে আরেকটি দল এসে জিনিসগুলো উদ্ধার করে।নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জিনিসগুলো উদ্ধার করে।পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছয়-সাত মাস আগেও ওই বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ। তখন বেশ কিছু ইসলামি বই উদ্ধার করা হয়েছিল। এর পর থেকেই বাসাটি তালাবদ্ধ ছিল। সেবারও কাউকে গ্রেপ্তার করা যায়নি।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।