শিবিরের সঙ্গে জোট গঠনে আপত্তি ছাত্রদলের
ছাত্রশিবিরের ব্যাপারে ছাত্রদলের আপত্তি থাকায় ১৮ দলীয় জোটভুক্ত দলগুলোর ছাত্রসংগঠনের মধ্যে ঐক্য-প্রক্রিয়া বা ‘ছাত্র ঐক্য’ গঠন আটকে গেছে। ছাত্রদলের নেতারা বলেছেন, আদর্শগত অমিল থাকার কারণে তাঁরা শিবিরের সঙ্গে জোট গঠনে আগ্রহী নন।নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে দেশব্যাপী সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটভুক্ত দলগুলোর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ঐক্যের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে যুবসংগঠনগুলো মিলে ‘যুব ঐক্য’ গঠন করেছে।বিএনপির কেন্দ্রীয় একজন নেতা প্রথম আলোকে বলেন, আন্দোলন জোরদার করতে মূল দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জোটবদ্ধ হচ্ছে। নব্বইয়ের স্বৈরাচার এরশাদ সরকারবিরোধী আন্দোলনে ছাত্রসংগঠনগুলো জোটবদ্ধ আন্দোলন করেছে। কিন্তু এবার জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সঙ্গে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল জোটবদ্ধ হতে রাজি হয়নি। ছাত্রদলের আপত্তির কারণ মূল দল বিএনপি উপলব্ধি করতে পেরেছে। তাই এ ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ছাত্রদলকে।জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিবিরের সঙ্গে ছাত্রদলের জোট করার কোনো প্রশ্নই ওঠে না। সাধারণ নেতা-কর্মীরাও এটি চায় না। কারণ, শহীদ জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন। অতীতে ছাত্রদল স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কাজেই আমরা এমন কারও সঙ্গে জোট করব না, যাতে কেউ আমাদের নিয়ে প্রশ্ন তুলতে পারে।’ছাত্রদলের কেন্দ্রীয় আরেক নেতা বলেন, ছাত্র ঐক্য গঠনের বিষয়ে কথাবার্তা শুরুর পরই সারা দেশের ছাত্রদলের নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের আদর্শ পুরোপুরি আলাদা। দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল অতীতে ছাত্রশিবির তাড়িয়েছে। এমনকি বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময়ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে। অনেক স্থানে শিবিরের হামলায় ছাত্রদলের নেতারা হতাহতও হয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক নেতা বলেন, বর্তমানে যুদ্ধাপরাধের বিচার চলছে। বিএনপি কেন জামায়াতের সঙ্গে জোট করেছে, তা নিয়ে এমনিতেই ছাত্রসমাজের মধ্যে নানা প্রশ্ন আছে। এ অবস্থায় শিবিরের সঙ্গে জোট করলে সাধারণ ছাত্রদের কাছে ছাত্রদলের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন যুগ্ম আহ্বায়ক বলেন, ১১ জুন ১৮ দলের সমাবেশে বিএনপির নেতাদের উপস্থিতিতে মঞ্চের সামনের দিকে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাদের ওপর ছাত্রশিবির হামলা চালায়। যদি জোট করা হয়, তখন আর ছাত্রদলের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না।