শিবিরের সভাপতি-সেক্রেটারিসহ ছয়জনকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজে গতকাল সোমবারের সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ ছয়জন শিবির কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দুপুরে নোটিশ আকারে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে। এঁরা হলেন এমবিবিএস চূড়ান্ত পরীক্ষার পরীক্ষার্থী শিবিরের মেডিকেল শাখার সভাপতি নাসিফ রিয়াদুজ্জামান, দলের সেক্রেটারি পঞ্চম বর্ষে অধ্যয়নরত সাজ্জাদ হোসেন, একই বর্ষের মারুফ শাহরিয়ার, চতুর্থ বর্ষের সাইফুদ্দিন খালেদ, সালাউদ্দিন কাদের ও তৃতীয় বর্ষের শাহরিয়ার শফিক। কলেজ প্রশাসন সূত্র জানায়, কলেজের অধ্যক্ষ ওসুল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। সংঘর্ষের ঘটনায় প্রাথমিক তথ্যপ্রমাণে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হওয়ায় সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। নাসিফ রিয়াদুজ্জামানসহ অন্য ছয়জনকে সংঘর্ষস্থল থেকেই গতকাল পুলিশ গ্রেপ্তার করে। গতকালের সংঘর্ষের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে পুলিশ মধ্যরাতে এবং আজ দিনভর নগরের বিভিন্ন মেস, বাড়ি ও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২৮ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানিয়েছেন, কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।