শিবিরের সভাপতিসহ আটজনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম ও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ আটজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ১২ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে রাঙ্গুনিয়ার বাসিন্দা ও ছাত্রলীগের নেতা আবু তৈয়ব এই মামলা করেন। মামলার অপর ছয় আসামি হলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা লতিফ নেজামী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নিলু ও ন্যাপের (ভাসানী) সভাপতি শেখ আনোয়ারুল হক।মামলার আরজিতে বলা হয়, শিবিরের নেতা রেজাউল করিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে হুমকি দিয়ে বলেছেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) ক্ষমতা ছাড়ুন। আপনার জন্য পিলখানা হত্যাকাণ্ড ও পল্টন হত্যাকাণ্ড অপেক্ষা করছে। আপনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেছেন। কত ধানে কত চাল আপনি বুঝবেন। এক মাঘে শীত যায় না। বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, বিশেষ ট্রাইব্যুনালে আপনাদের বিচার করা হবে।’চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ১২ ডিসেম্বর আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।