জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল সোমবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ।এই মামলার অন্য সাত আসামি হলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন, ন্যাপের (ভাসানী) সভাপতি শেখ আনোয়ারুল হক, জামায়াতের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব এ টি এম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম আল মামুন ও ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব আবদুল লতিফ নেজামী। গতকাল তাঁরাও চট্টগ্রাম আদালতে হাজির ছিলেন।২০১০ সালের ২৮ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর এক আলোচনা সভায় শিবির নেতা রেজাউল করিম হুমকি দিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করা হবে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিয়ে বক্তৃতা দেওয়ার প্রতিবেদন পরদিন ২৯ অক্টোবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব বাদী হয়ে গত বছরের ২ নভেম্বর আদালতে একটি মামলা করেন।চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, এ মামলার সব আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ২৫ মে রেজাউলের জামিনের মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে নিম্ন আদালতে হাজিরা দেননি। এ কারণে তাঁর জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।রেজাউল করিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় বলেছিলেন, ‘আপনি ক্ষমতা ছাড়ুন। আপনার জন্য পিলখানা হত্যাকাণ্ড, পল্টন হত্যাকাণ্ড অপেক্ষা করছে। আপনি সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেছেন। কত ধানে কত চাল আপনি বুঝবেন। এক মাঘে শীত যায় না। বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আপনাদের বিচার করা হবে।’আসামির কৌঁসুলি মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘২৫ মে রেজাউলের জামিনের মেয়াদ শেষ হয়। ওই দিন তিনি যথারীতি চট্টগ্রামের নিম্ন আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট আদালতে নথি ছিল না বলে শুনানি করা সম্ভব হয়নি। আমরা আশা করেছিলাম, জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে রেজাউল জামিন নেবেন। কিন্তু আদালত তাঁর জামিন বাতিল করে দেন।’