শিবিরের হামলায় আহত ব্যাংক কর্মচারীর মৃত্যু
রাজধানীর মতিঝিল এলাকায় গতকাল বুধবার শিবিরের হামলায় আহত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার লিফটম্যান জাফর মুন্সি (৩৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। অগ্রণী ব্যাংক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মতিঝিলে তাণ্ডব চালানোর একপর্যায়ে শিবিরের কয়েকজন কর্মী অগ্রণী ব্যাংকের ভেতর ঢোকার চেষ্টা করলে জাফর মুন্সিসহ ব্যাংকের কয়েকজন কর্মচারী তাঁদের ধাওয়া করেন। পরে শিবিরকর্মীরা সংগঠিত হয়ে পাল্টাধাওয়া করেন। এ সময় তাঁরা জাফর মুন্সিকে লোহার খণ্ড দিয়ে মাথায় আঘাত করেন।অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) কবির আহমেদ খান প্রথম আলো ডটকমকে জানান, জাফর মুন্সির মাথায় আঘাত লেগেছিল। গতকাল তাঁকে চিকিত্সার জন্য ব্যাংকের পক্ষ থেকে গ্রিন লাইফ হাসপাতলে ভর্তি করা হয়। আজ সকালে তাঁরা জাফর মুন্সির মৃত্যুসংবাদ পেয়েছেন তাঁরা।