শিবিরের হামলায় চার পুলিশ আহত
নারায়ণগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একজন উপপরিদর্শক (এসআই), দুজন কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে শহরের মণ্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর শিবিরের চারজন কর্মীকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে আজ সকালে শহরের মণ্ডলপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করেন শিবিরের কর্মীরা। এ সময় মিছিলে পুলিশ বাধা দেয়। মিছিল থেকে টহল পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে শিবিরকর্মীরা টহল দলের চার-পাঁচজন পুলিশ সদস্যকে লাঠি দিয়ে পেটান ও তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তাঁরা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রবিচরণ চৌহানের ওয়্যারলেস সেট ছিনিয়ে নেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে শিবিরের কর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। শিবিরের কর্মীদের হামলায় রবিচরণ চৌহান ছাড়াও কনস্টেবল আবুল কাশেম, জুয়েল ও পিকআপ ভ্যানের চালক সুলতান আহত হন। তাঁদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিচরণকে পরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর পুুলিশ রবিউল আউয়াল (২৭), সাখাওয়াত হোসেন (২০), আবু নাঈম (১৯) ও আশিকুল ইসলাম (২০) নামের চার শিবিরকর্মীকে আটক করে। জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত ১৯ নভেম্বর শহরের দুই নম্বর রেলগেট এলাকায় ঝটিকা মিছিল থেকে শিবির পুলিশের ওপর হামলা চালায় এবং ওসির পিকআপ ভ্যান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ওসিসহ ১০ জন আহত হয়। ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বাদী হয়ে দুটি মামলা করেন। ওই দুই মামলায় এখন পর্যন্ত জেলা জামায়াতের আমির মাঈনউদ্দিনসহ ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।