শিবিরের হামলায় নিহত ছাত্রলীগ কর্মীর জীবনের মূল্য নিয়ে নিজামীর প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকরের হত্যার পর কোনো চিরুনি অভিযান হয়নি, ঢাকা মেডিকেলে তাদের ছাত্রনেতার মৃত্যুর পরও কোনো অভিযান হলো না, বিডিআর হেডকোয়ার্টারে ৫৯ জন সেনা কর্মকর্তা হত্যার পরও এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হলো না— তাহলে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ কর্মীর জীবন এর চেয়েও মূল্যবান?’গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের মৃত্যুর পর অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় এভাবেই সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।আজ শুক্রবার বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও ট্রেড ইউনিয়নের সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিজামী এ কথা বলেন।নিজামী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের মানুষের ইমান-আকিদার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বলা যায় না, কখন কী ঘটনা ঘটে। এ অবস্থায় নিজ নিজ পেশার বাইরে সবার চোখ-কান খোলা রাখতে হবে। দেশের সার্বিক পরিস্থিতির প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।’বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের সমাবেশে বাধা দেওয়ার বিষয়ে ইঙ্গিত করে নিজামী বলেন, সামরিক সরকারের মতো আজ দলীয় কার্যালয়ের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সভা সমাবেশের জন্য অনুমতি নিতে হচ্ছে—এ চিত্র কোনো গণতান্ত্রিক সরকারের আমলে গ্রহণযোগ্য হতে পারে না।শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসী তত্পরতার উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘ক্ষমতাসীনরা যদি নিজেরাই খুনোখুনি করে, তাদের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। এ জন্য আমি শিবিরকে বলেছিলাম, তোমরা একটু ধৈর্য ধরো। এ সরকারের পতনের জন্য ছাত্রলীগই যথেষ্ট।’নিজামী অভিযোগ করেন, সরকার দেশের পরিস্থিতি শান্ত করার পরিবর্তে নিজেরাই দেশকে অশান্তি ও রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনগুলো প্রতিহিংসার আগুন ছড়িয়ে দিচ্ছে। নিরাপত্তার পরিবর্তে জানমালের ক্ষতি করছে।শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মকবুল আহমদ, ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক হারুনুর রশীদ, কবির আহমদ প্রমুখ বক্তব্য দেন।