সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাসে আজ মঙ্গলবার সকালে হামলা চালিয়েছে ধর্মঘটে পিকেটিংয়ে থাকা শিবিরের কর্মীরা। এ সময় ওই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিজবাহউদ্দিন আহত হন।প্রত্যক্ষদর্শী ও ওই বাসের যাত্রীরা জানায়, আজ সকালে নগরের শাহী ঈদগাহ এলাকা থেকে শিক্ষার্থী নিয়ে বাসটি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে একটি কমিউনিটি সেন্টার থেকে আট থেকে ১০ জন শিবিরকর্মী এসে বাসটি আটক করে। পরে একের পর এক ঢিল ছোড়ে পালিয়ে যায়। আহত মিজবাহউদ্দিন বলেন, তিনি ওই বাসেই ছিলেন। ঢিলের বিষয়টি খোঁজ করার চেষ্টা করেন তিনি। এ সময় তাঁর সাংবাদিক পরিচয় পেয়ে শিবিরের কর্মীরা তাঁকে উদ্দেশ করে ঢিল ছোড়ে পালিয়ে যায়। ঢিল ও ঢিলে ভেঙে পড়া কাচের আঘাতে তিনি আহত হন। তাঁর চোখে আঘাত লেগেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রি শেখর রায় জানান, খবর পেয়ে মিজবাহকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।