শিবের ঘরে লক্ষ্মীর বাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে পেঁচা দেখলে সবারই কৌতূহল জাগে। নিশাচর হলেও দিনের আলোয় চোখে পড়ে মাঝেমধ্যে। সম্প্রতি রাজশাহীর পুঠিয়ায় শিবমন্দিরে যুগল পেঁচা দেখা গেল দিবালোকে। মন্দিরের বাইরের দেয়ালে বসে ছিল। গাছের হালকা ছায়া পড়েছিল দেয়ালে। সেই ছায়াতলে বিশ্রাম নিচ্ছিল ওরা। ছবি তুলতে দেখে কয়েকবার তাকাল ক্যামেরার দিকে। একটুও নড়াচড়া করল না, বরং ডানাটা মেলে দিল শক্ত দেয়ালে। ওদের তাকানোর ভঙ্গিমাটা বেশ বিচিত্র মনে হলো। পেঁচা এমনিতেই দেখতে আর দশটা পাখির চেয়ে আলাদা। এরা যে শিকারি পাখি, তা তাদের তীক্ষ চাহনিতেই বোঝা গেল।লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। পেঁচার পিঠে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান ঐশ্বর্য আর প্রাচুর্যের এই দেবী। তাই পূজার সময় লক্ষ্মীর পায়ের নিচে পেঁচা দেখা যায়। সনাতনমতে, শিব হচ্ছেন সব দেবের দেবতা—মহাদেব। আর মহাদেবের কন্যা লক্ষ্মী। ঘুরেফিরে আবার সেই কাহিনি—লক্ষ্মীর বাহন আশ্রয় নিয়েছে শিবের ঘরে।১৮২৩ খ্রিষ্টাব্দে নির্মিত পুঠিয়ার শিবমন্দিরটি দেশের ঐতিহ্যবাহী প্রত্নসম্পদ। এর আশপাশে রয়েছে আরও ১০টি মন্দির। পঞ্চরত্নের এই মন্দিরের সর্বোচ্চ চূড়ায় থাকে এই পেঁচা দুটি। পাশের রথমন্দিরে থাকে আরও দুটি।প্রত্নতত্ত্ব বিভাগের পুঠিয়া মন্দিরগুলোর পরিচারক বিশ্বনাথ দাস জানালেন, মন্দির এলাকায় দীর্ঘদিন ধরে তিনি পাঁচটি পেঁচা দেখে আসছেন। গেল মাঘ মাসের তীব্র শীতে একটি পেঁচা মারা যায়। পেঁচাটিকে ‘কবর’ও দিয়েছিলেন তিনি। বিশ্বনাথ জানান, পেঁচাগুলো সন্ধ্যা হলে কোটর থেকে বেরোয়। ঘোরাঘুরি করে দেয়ালে, জানালায়, বারান্দায় কিংবা মেঝেতেও। কখনো কখনো উড়ে গিয়ে বসে গোবিন্দ মন্দিরের উত্তর দিকের হাসনাহেনা গাছের ডালে। পেঁচাগুলো মন্দির এলাকা ছেড়ে কোথাও যায় না। সংরক্ষিত ও নিরাপদ বলে এখানে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করে এরা। পাখিবিদ শরীফ খান জানান, শিবমন্দিরে যে পেঁচাগুলো থাকে, এগুলো মূলত কোটরে পেঁচা। কোটরের ভেতর থাকে বলেই এমন নামকরণ। এদের বৈশিষ্ট্য হলো—দুটো পেঁচা একসঙ্গে থাকে। জোড়া ছাড়া একা চলে না। লোকবসতির আশপাশেই এদের বিচরণ। শহুরে পরিবেশ কিংবা পাহাড়ি অঞ্চলেও দেখা মেলে এদের। আকারে ছোট বলে গাছের কোটর, নগরের কোনো স্থাপনার ভেতর কোনো গর্ত পেলে এরা বাসা বাঁধে। তবে গাছপালা যেভাবে কমে যাচ্ছে, তাতে এদের বসবাসের জন্য দালানকোঠাই বেশি নিরাপদ মনে হচ্ছে। তিনি জানান, বাংলা একাডেমীর নজরুল মঞ্চের বিশাল বটগাছ কিংবা রমনা পার্কের প্রাচীন মহুয়া গাছে সূর্যাস্তের পর এদের দেখা মেলে। কোটরে পেঁচার ইংরেজি নাম ‘স্পটেড আউলেট’ (Spotted aowlet)। বৈজ্ঞানিক নাম Athene brama indica। আবাস মূলত এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। ঠিকঠাকভাবে বললে, ভারত থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত। কোটরে পেঁচা সম্পর্কে উইকিপিডিয়ায় আছে—এই প্রজাতির আকার, রং এবং চারিত্রিক বৈশিষ্ট্যও বেশ বৈচিত্র্যময়। কোটরে পেঁচার শরীরের উপরিভাগ ধূসর-বাদামি, তার মধ্যে অসংখ্য বিন্দুর মতো সাদা দাগ। নিচের অংশে সাদার মধ্যে বাদামি রঙের লম্বা ডোরা। শরীরের তুলনায় মুখ ছোট। চোখের মণি হলুদ। মালার মতো সাদা রঙের বন্ধনীও আছে ওদের গলায়। স্ত্রী-পুরুষ উভয়ের রং একই রকম। এদের শরীরের মাপ ১৮ থেকে ২১ সেন্টিমিটার।কোটরে পেঁচা নিশাচর। এদের শিকারের তালিকায় আছে বিভিন্ন ধরনের পতঙ্গ এবং ছোট ছোট মেরুদণ্ডী প্রাণী। কণ্ঠস্বর কর্কশ। সূর্য ডোবার খানিক পরেই এরা হেঁড়ে গলায় চিরর চিরর চিরর করে ডেকে ওঠে। এদের প্রজনন মৌসুম নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। প্রজনন মৌসুমে ছোট মাথা এবং চকচকে লেজ দেখে স্ত্রী পেঁচাকে চেনা যায়। এদের বাসা বাঁধার উপাদানগুলোর মধ্যে থাকে শুকনো পাতা, পালক ও খড়কুটো। একসঙ্গে তিন থেকে চারটি ডিম দেয় কোটরে পেঁচা। গোলাকার ডিমগুলো হয় সাদা রঙের। তিন-চারটি ছানার মধ্যে একটি কিংবা দুটি ছানাই কেবল উড়তে পারে শেষ পর্যন্ত!সেদিন মন্দিরের চূড়া থেকে পেঁচা যুগলের তাকানোর ভঙ্গিমাটা আমার ক্যামেরার আনন্দ হয়ে উঠেছিল। ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসে। শিবমন্দিরের ওই কোটরে উচ্ছ্বাস জেগে ওঠে পেঁচা দুটোর অবাধ বিচরণে।